রাজধানীর ঢাকা কলেজের সামনে গতকাল মঙ্গলবার (১৬ জুলাই) সংঘর্ষের সময় নিহত যুবকের পরিচয় পাওয়া গেছে। তার নাম সবুজ আলী (২৫) এবং বাড়ি নীলফামারী সদর উপজেলায়।
বুধবার (১৭ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেন নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব আলী।
তিনি জানান, আঙুলের ছাপের মাধ্যমে নিহত যুবকের পরিচয় জানা গেছে। সবুজ নীলফামারী সদর উপজেলার বাদশা মিয়া ও সূর্যবানুর ছেলে।
মাহবুব আলী জানান, এখন পর্যন্ত তার কোনো আত্মীয়-স্বজনের সন্ধান পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিহতের স্বজনরা আসলে তার সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
উল্লেখ্য, মঙ্গলবার সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় সবুজকে উদ্ধার করে এক পথচারী ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।










