যশোরের অভয়নগরের সুন্দলী ইউনিয়নের ১নং ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য উত্তম সরকারকে কথিত ‘নিউ বিপ্লবী কমিউনিস্ট’
পার্টির সদস্যরা হত্যা করেছে বলে পুলিশ প্রমাণ পেয়েছে। চাঁদার টাকা না পেয়ে ১০ জানুয়ারি রাতে স্থানীয় হরিশঙ্করপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে তাকে গুলি করে হত্যা করা হয়। গত দুদিন অভিযান চালিয়ে জড়িত পাঁচজনকে গ্রেফতারের পর পুলিশ গতকাল দুপুরে প্রেস ব্রিফিং করে হত্যারহস্য ও গ্রেফতার বিষয়ে তথ্য দিয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন খুলনার ডুমুরিয়া উপজেলার রুদাঘরা গ্রামের ইসাহাক গোলদারের ছেলে ইকরামুল গোলদার, একই উপজেলার দিঘলিয়া গ্রামের মৃত বিষ্ণুপদ মণ্ডলের ছেলে বিজন কুমার মণ্ডল ওরফে বিনোদ, চুকনগর এলাকায় বসবাসকারী সাতক্ষীরার শ্যামনগরের দক্ষিণ কদমতলা গ্রামের মৃত শিবপদ মণ্ডলের ছেলে প্রশান্ত মণ্ডল, যশোরের অভয়নগর উপজেলার সুন্দলী গ্রামের মৃত নিতাই বিশ্বাসের ছেলে প্রজিৎ বিশ্বাস ওরফে বুলেট ও মণিরামপুুরের সুজাতপুর গ্রামের পরিতোষ বিশ্বাসের ছেলে পল্লব বিশ্বাস।
তাদের কাছ থেকে একটি ওয়ান শুটারগান, একটি এয়ারগান, তিন রাউন্ড গুলিসহ হত্যা মিশনে ব্যবহূত বিভিন্ন উপকরণ উদ্ধার করেছে পুলিশ।
যশোর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি রুপন কুমার সরকার জানান, আসামিরা কথিত ‘নিউ বিপ্লবী কমিউনিস্ট’
পার্টির সক্রিয় সদস্য। তারা দলীয় ছদ্মনাম ব্যবহার করে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে হত্যাকাণ্ড ও চাঁদাবাজি করে চলেছে। এর আগে আত্মসমর্পণ করলেও পুনরায় তারা সংঘবদ্ধ হয়ে নতুন সদস্য সংগ্রহ করে যশোরের অভয়নগর, মণিরামপুর, কেশবপুরসহ আশপাশের জেলায় মাছের ঘের দখল, চাঁদাবাজি ও হত্যাকাণ্ড ঘটাচ্ছে। গত ১০ জানুয়ারি অভয়নগরের হরিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নবনির্বাচিত ইউপি সদস্য উত্তম সরকারের কাছে চাঁদার টাকা না পেয়ে তাকে গুলি করে হত্যা করে। এ ঘটনার পরদিন অভয়নগর থানায় মামলা হলে পুলিশ সুপারের নির্দেশে তদন্তে নামে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, হত্যার পর জড়িতরা বিভিন্নজনের কাছে চাঁদা চাওয়ার সময় উত্তম সরকারকে খুন করার রেফারেন্স টেনে মোবাইল ফোনে ভয়ভীতি দেখায়। ডিবি পুলিশ পরিদর্শক শেখ শাহিনুর রহমানের নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শামীম হোসেন ও এসআই মফিজুল ইসলামের সমন্বয়ে একটি টিম শনিবার রাত থেকে গতকাল ভোর পর্যন্ত খুলনা ও যশোরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই পাঁচজনকে গ্রেফতার করে। এর মধ্যে বিজন ও প্রশান্ত সরকারের আহ্বানে এর আগে আত্মসমর্পণ করেছিলেন।









