দেশ গড়ার পরিকল্পনায় জনগণকে সম্পৃক্ত করার লক্ষ্যে শুরু হলো ‘আমার ভাবনায় বাংলাদেশ জাতীয় রিল-মেকিং প্রতিযোগিতা’। আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত এ প্রতিযোগিতা চলবে। সেরা ১০ বিজয়ী পাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে একান্ত আলাপচারিতার সুযোগ।

আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন। এ সময় আরো ছিলেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সিনিয়র সচিব ইসমাইল জবিউল্লাহ, সাবেক বিশ্ব ব্যাংক কর্মকর্তা ডা. জিয়াউদ্দিন হায়দার, ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য ড. সাইমুম পারভেজ এবং দলের মিডিয়া সেলের সদস্য শাইরুল কবীর খানসহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতারা।

মাহদী আমিন বলেন, আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন। তার এ স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে গণমানুষের কাছে রয়েছে তীব্র আবেগ, আকাঙ্ক্ষা ও আগ্রহ। তারেক রহমান বিশ্বাস করেন- আগামীর বাংলাদেশ গড়তে হলে রাজনীতি ও আদর্শের ঊর্ধ্বে উঠে প্রতিটি মানুষকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। রাষ্ট্র বিনির্মাণের জন্য সবার মিলেমিশে কাজ করতে হবে। তিনি দৃড়ভাবে বিশ্বাস করেন, দল-মত-ধর্ম সব কিছুর ঊর্ধ্বে উঠে আমাদের এ দেশকে গড়তে হবে।

তিনি আরো বলেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে সামনে রেখে বিএনপির পক্ষ থেকে জাতীয় রিল মেকিং প্রতিযোগিতা শুরু করতে যাচ্ছি। এ আয়োজন আজ শুরু হচ্ছে, যা ২৫ ডিসেম্বর পর্যন্ত চলবে। এ সময়ের মধ্যে দেশ এবং বিদেশের সব শ্রেণী-পেশার মানুষের দেশ গড়ার নিজ নিজ পরিকল্পনা, প্রত্যাশা ভাবনা এবং চিন্তা তার প্রত্যেকটি এক মিনিটের রিল ভিডিওর মাধ্যমে অনলাইনে সাবমিট করতে পারবে।

WhatsApp Image 2025-12-16 at 7.56.18 PM

প্রতিযোগিতার বিস্তারিত জানিয়ে তিনি বলেন, এ রিল হতে পারে ছোট্ট একটি ভিডিও, যেখানে যেকোনো কন্টেন্টের মাধ্যমে প্রত্যেকটি অংশগ্রহণকারী তাদের নিজেদের বক্তব্য, স্যাটায়ার, গান, সংলাপ, ডকুমেন্টারি, অ্যানিমেশন, সংলাপ কিংবা কয়েকটি ছবি বা আর্টের সমন্বয়ে সেটি সাবমিট করতে পারবে। এর মাধ্যমে হতে পারে গঠনমূলক সমালোচনা, নতুন কোনো ভাবনা, সুবিস্তৃত সমালোচনা কিংবা ব্যক্তিগত অভিব্যক্তির বহিঃপ্রকাশ। দেশ গড়ার মহাপরিকল্পনায় দেশের প্রত্যেকটি মানুষকে অংশগ্রহণ করার সুযোগ করে দেয়াই আমাদের এ পরিকল্পনার মূল উদ্দেশ্য।

প্রতিযোগিতার থিমগুলো হলো ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য, কর্মসংস্থান, শিক্ষা, পরিবেশ. ক্রীড়া, ইমাম-মুয়াজ্জিনদের সম্মান, প্রবাসীদের জন্য কল্যাণ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ এবং সবগুলোর সমন্বয়ে একটি প্রধান টপিক আমি যেমন দেশ চাই। এগুলোর যে কোনোটিতে পছন্দমতো একটি এক মিনিটের রিল সম্পন্ন করতে পারবেন। অংশগ্রহণকারী চাইলে তার ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব বা টিকটক একাউন্টের মাধ্যমে তার নিজের প্রোফাইল থেকে পোস্ট করতে পারবে। ক্যাপশনে সবার আগে বাংলাদেশ হ্যাশট্যাগ হিসেবে ব্যবহার করুন। বিএনপির ‘বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি’ এ অফিসিয়াল পেইজে আমাদের তৈরি করা ইভেন্টে গিয়ে যে কোনো অংশগ্রহণকারী তার পোস্টটি সোশ্যাল মিডিয়া থেকে শেয়ার করবে। সেটি আমাদের কাছে পৌঁছে যাবে।

মূল্যায়ন প্রক্রিয়া সম্পর্কে মাহদী আমিন বলেন, ২৫ ডিসেম্বর পর্যন্ত যতগুলো কনটেন্ট পাবো সেগুলো মূল্যায়ন করব। মূল্যায়নের ৩০ শতাংশ দেয়া হবে সোশ্যাল মিডিয়ার এনগেজমেন্টের ওপর। বাকি ৭০ শতাংশের জন্য আমরা একটি জুরি বোর্ড ঘোষণা করছি। বিষয়ভিত্তিক উপস্থাপনা, সৃজনশীলতা এবং সামাজিক প্রভাবের ওপর ভিত্তি করে নির্ধারণ করবে। হট লাইনের নাম্বার দেয়া হবে যার মাধ্যমে প্রতিযোগিতার যে কোনো প্রশ্নের উত্তর জানতে চাওয়া যাবে।