সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে গতকাল রাতে শেষ হলো বার্মিংহাম কমনওয়েলথ গেমস। ৬৭টি স্বর্ণসহ ১৭৮টি পদক জিতে এবারের আসরের সেরা দল অস্ট্রেলিয়া। ৫৭টি স্বর্ণসহ ১৭৬টি পদক নিয়ে দুইয়ে ইংল্যান্ড।

গতকাল শেষ দিন ব্যাডমিন্টনে পুরুষ ও নারী এককে দুটি স্বর্ণপদক জিতে নিয়েছে ভারত। পুরুষ এককে মালয়েশিয়ার আধিপত্য ক্ষুণ্ন করে ভারতের লক্ষ্য সেন ১৯-২১, ২১-৯ ও ২১-১৬ গেমে হারিয়ে দেন জে ইয়ংকে। আর নারী এককের ফাইনালে ভারতের পিভি সিন্ধু কানাডার মিশেল লিকে হারান ২১-১৫, ২১-১৩ গেমের ব্যবধানে। ব্যাডমিন্টনের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন সিন্ধু এই প্রথম কমনওয়েলথ গেমসের এককে স্বর্ণ জিতলেন।

বর্তমানে র্যাংকিংয়ে ১৩ নম্বরে থাকলেও মিশেল লি ২০১৪ সালের গ্লাসগো কমনওয়েলথ গেমসে স্বর্ণজয়ী খেলোয়াড়। অন্যদিকে সিন্ধুর দখলে রয়েছে অলিম্পিক পদক। ফাইনালে তাই দুজনই আত্মবিশ্বাস নিয়ে কোর্টে নামেন। দুর্দান্ত লড়াই হয় শুরু থেকে। যদিও ১৮-১৪ ব্যবধান হয়ে যাওয়ার পর স্নায়ুর চাপ আর ধরে রাখতে পারেননি মিশেল। তখন এগিয়ে যান সিন্ধু। সেটটি জিতে নেন ২১-১৫ গেমে। পরে দ্বিতীয় সেটে অত বেশি লড়াই হয়নি। সিন্ধু জিতেছেন ২১-১৩ গেমে। এর আগে ২০১৪ সালের কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ ও ২০১৮ সালের গোল্ডকোস্ট কমনওয়েলথ গেমসে রৌপ্য জেতেন সিন্ধু।

ছেলেদের এককে স্বপ্নের প্রত্যাবর্তনে জয় ছিনিয়ে নেন লক্ষ্য সেন। প্রথম সেটটি তিনি হেরে যান ১৯-২১ গেমের ব্যবধানে। যদিও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে তিনি পরের দুই সেট জিতে যান ২১-৯, ২১-১৬ গেমে। ব্যাডমিন্টন সাফল্যে নিউজিল্যান্ডকে টপকে পদক তালিকার চারে উঠে যায় ভারত। ২২টি স্বর্ণসহ ৬১টি পদক জয় করে দেশটি।

এদিকে রোববার অ্যাথলেটিকসের শেষ দিন নাটকীয়ভাবে ৪০০ মিটার রিলের স্বর্ণ হারায় ইংল্যান্ডের মেয়েরা। হাড্ডাহাড্ডি লড়াই শেষে প্রথমে তাদের বিজয়ী ঘোষণা করা হলেও পরবর্তী সময়ে কর্মকর্তা দেখতে পান, লেন আইন ভেঙে ইংল্যান্ডের দুই অ্যাথলেট ব্যাটন হাতবদলের সময় দুই লেনে অবস্থান করছিলেন। এ ভুলে ইংল্যান্ডের মেয়েদের ডিসকোয়ালিফাইড ঘোষণা করে রৌপ্যজয়ী কানাডাকেই বিজয়ী ঘোষণা করা হয়। তাতে তৃতীয় হওয়া জ্যামাইকা পেয়েছে রৌপ্য।