চট্টগ্রামে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ ও যুবলীগের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। তিনজনের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রয়েছে। দুজনের বুকে-পিঠে গুলির চিহ্ন রয়েছে। নিহতদের মধ্যে একজন চট্টগ্রাম সরকারি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ওয়াসিম আকরাম। বাকি দুজন পথচারী।

এর আগে মঙ্গলবার (১৬ জুলাই) বিকাল তিনটার দিকে নগরের মুরাদপুরে শিক্ষার্থীদের ওপর অস্ত্রধারীরা গুলি ছুড়লে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন বণিক বার্তাকে বলেন, কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্র সংগঠনের সংঘর্ষে মোট তিনজন নিহত হয়েছেন। এদের মধ্যে একজন শিক্ষার্থী এবং বাকি দুজন পথচারী। তাদের মৃতদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহত তিনজনকেই একই এলাকা থেকে আনা হয়েছে। আর আহত আছেন ১০ জনের বেশি। তাদের চিকিৎসা দেয়া হচ্ছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার সাইফুল ইসলাম বণিক বার্তাকে কোটা সংস্কার আন্দোলনকারী ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষে নিহত হওয়ার কথা স্বীকার করেছেন। তিনি বলেন, নিহতদের মধ্যে একজন চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী। তবে পথচারীর শরীরে আঘাতের চিহ্ন  থাকলেও নিহত শিক্ষার্থীর শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। যার কারণে শিক্ষার্থীর মৃত্যু কিভাবে হয়েছে সে বিষয়ে আমরাও বিস্তারিত জানি না। সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগেরও কয়েকজন আহত হয়েছে।

নিহতদের মধ্যে দুজনের পরিচয় মিলেছে। ওয়াসিম আকরাম চট্টগ্রাম সরকারি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং ফারুক ওয়ার্কশপ কর্মচারী। ওয়াসিমের বাড়ি কক্সবাজারের পেকুয়া উপজেলায় আর ফারুকের বাড়ি নোয়াখালী জেলায়।

নগরীর দুই নম্বর গেইট থেকে ষোলশহর এলাকায় দুপুর থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও নগরীর বিভিন্ন প্রান্ত থেকে নগরীর ষোলশহরে জমায়েত হতে থাকে আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় তাদের ওপর হামলা চালায় ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা।  শিক্ষার্থীরা আত্মরক্ষার্থে পাল্টা হামলা চালায়। দুই পক্ষের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। তবে ষোলশহর স্টেশনে শিক্ষার্থীরা এখন অবস্থান নিয়েছে। মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনির নেতৃত্বে ছাত্রলীগের একটি অংশ মিছিল সহকারে দুই নম্বর গেট থেকে মুরাদপুরের দিকে অগ্রসর হতে থাকলে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে।