গাজীপুরের টঙ্গীতে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থীর নির্বাচনী প্রচারণার সময় গ্যাস বেলুন বিস্ফোরিত হয়ে ১৮ জন দগ্ধ হয়েছেন। আহতদের গাজীপুর থেকে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকালে টঙ্গী বাজারের মেইন রোড এলাকায় গাজীপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনজুরুল করিম রনির নির্বাচনী প্রচারণার সময় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, একটি ঘরের ভেতরে রাখা একাধিক গ্যাস বেলুন হঠাৎ বিস্ফোরিত হলে আশপাশে থাকা নেতাকর্মী ও সমর্থকেরা দগ্ধ হন।
দগ্ধ ব্যক্তিরা হলেন, অনিক (২৭), হাসু (৩৮), হাসনাত (১৮), হাসনাত (২২), আকাশ (২৮), রমজান (১৮), রাফি (১২), বিজয় (১৬), তাসিন (১৮), সিয়াম (১৬), মিনহাজ (১৭), নুরু (১৮), শাওন (২০), ইমাম (১৪), নির্জন (২২), মারুফ (২২), রুবেল (৩৪) ও রাব্বি (১৩)।
আহতদের হাসপাতালে নিয়ে আসা মো. রবিউল ইসলাম জানান, বিকালের দিকে নির্বাচনী প্রচারণার সময় একটি ঘরের ভেতরে রাখা গ্যাস বেলুনগুলো বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলে থাকা ১৮ জন দগ্ধ হন। পরে তাদের সন্ধ্যা সোয়া ছয়টার দিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেয়া হয়।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান বলেন, সন্ধ্যার দিকে গাজীপুর থেকে ১৮ জন দগ্ধ রোগী জরুরি বিভাগে আনা হয়েছে। বর্তমানে তাদের চিকিৎসা ও ড্রেসিং চলছে। দগ্ধের মাত্রা নিরূপণ শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।










