অবৈধ অভিবাসন রোধ, দক্ষ জনশক্তি তৈরি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় জেলা প্রশাসকদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে তিনি এসব কথা বলেন। সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘদিন পর একটি অংশগ্রহণমূলক নির্বাচনের প্রেক্ষাপটে আয়োজিত এ সম্মেলন বিশেষ গুরুত্ব বহন করছে।

তিনি জানান, পররাষ্ট্র মন্ত্রণালয় ও জেলা প্রশাসকদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে, যেখানে তৃণমূল পর্যায়ের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় ওঠে এসেছে। জলবায়ু পরিবর্তন, বাণিজ্য ও বিনিয়োগ, সংস্কৃতি এবং ক্রীড়া—এসব বিষয় এখন স্থানীয় পর্যায় পর্যন্ত বিস্তৃত হওয়ায় সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেয়া হয়েছে।

অবৈধ অভিবাসন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, দালালচক্রের মাধ্যমে বিদেশে গিয়ে অনেক বাংলাদেশী প্রতারণা ও ঝুঁকির শিকার হচ্ছেন, এমনকি প্রাণহানির ঘটনাও ঘটছে। এ পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসকদের মাধ্যমে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নিতে হবে, যাতে সাধারণ মানুষ ঝুঁকিপূর্ণ অভিবাসন থেকে বিরত থাকে।

তিনি আরো বলেন, সরকারের লক্ষ্য অনুযায়ী দক্ষ ও অর্ধদক্ষ জনশক্তি বিদেশে পাঠাতে ভোকেশনাল প্রশিক্ষণ ব্যবস্থাকে আরো শক্তিশালী করা জরুরি। যেসব এলাকায় প্রশিক্ষণ প্রতিষ্ঠান নেই, সেখানে নতুন প্রতিষ্ঠান স্থাপন এবং বিদ্যমান প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা বাড়ানোর বিষয়ে জেলা প্রশাসকদের কাজ করতে হবে।

জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে তিনি বলেন, দেশের অনেক অঞ্চলে এর প্রভাব তীব্র আকার ধারণ করেছে, বিশেষ করে নারী ও শিশুদের ওপর এর প্রভাব বেশি। এ বিষয়ে স্থানীয় পর্যায়ের বাস্তব পরিস্থিতি তুলে ধরতে এবং কার্যকর পদক্ষেপ নিতে ডিসিদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে জেলা প্রশাসকদের যোগাযোগ আরো উন্মুক্ত রাখার ওপর গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী বলেন, যেকোনো প্রয়োজন বা পরামর্শের জন্য তারা সরাসরি মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।

ভারতের পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তন প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি ভারতের অভ্যন্তরীণ বিষয়। দেশের পররাষ্ট্রনীতি ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির ভিত্তিতে পরিচালিত হবে এবং যেকোনো দেশের সরকার পরিবর্তনের সঙ্গে এ নীতির কোনো পরিবর্তন হবে না। পারস্পরিক স্বার্থের ভিত্তিতে সব দেশের সঙ্গে সম্পর্ক বজায় রেখে বাংলাদেশ এগিয়ে যাবে।