স্থানীয় সরকার ব্যবস্থাকে গণতন্ত্রের সবচেয়ে বড় ভিত্তি এবং তৃণমূলের সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করেছেন পল্লী উন্নয়ন, সমবায় ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আগামী এক বছরের মধ্যে স্থানীয় সরকারের সব স্তরে নির্বাচন আয়োজনের চেষ্টা করবে সরকার।

মঙ্গলবার (৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম ছিলেন

জেলা প্রশাসকদের সঙ্গে আলোচনার বিষয়ে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে জেলা প্রশাসকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্য ও স্থানীয় সরকারের প্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে কাজ করার নির্দেশনা দেয়া হয়েছে।

তিনি বলেন, সরকারের উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে জনপ্রতিনিধিদের পাশাপাশি জনগণকে সম্পৃক্ত করা জরুরি। কারণ জনগণই দেশের মালিক, তৃণমূল পর্যায়ে তারাই সবকিছু নির্ধারণ করেন।

স্থানীয় পর্যায়ে অবকাঠামো উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, স্থানীয় সরকারের কার্যক্রম শুধু রাস্তাঘাট নির্মাণে সীমাবদ্ধ নয়; বিশুদ্ধ পানি সরবরাহ, প্রাথমিক শিক্ষার প্রসারসহ নানা খাতে কাজ করছে সরকার। প্রধানমন্ত্রীর অগ্রাধিকার কর্মসূচিগুলো বাস্তবায়নের মাধ্যমে তৃণমূলের মানুষের সেবা নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

ডিসি সম্মেলনকে নীতি নির্ধারণ ও বাস্তবায়নের গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে এ ধরনের মতবিনিময় কার্যক্রম আরো জোরদার করা প্রয়োজন।