সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী ও কেন্দ্রীয় যুব মহিলা লীগের সহসভাপতি সৈয়দা মোনালিসা ইসলামকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বেগম শারমিন নাহার এ আদেশ দেন।
পুলিশ জানিয়েছে, মেহেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী হাসনাত জামানের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আসামি হিসেবে রোববার (১৬ ফেব্রুয়ারি) রাতে ঢাকার ইস্কাটন এলাকা থেকে গ্রেফতার করা হয় মোনালিসা ইসলামকে।
আজ দুপুরে তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা মেহেরপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) সেলিম জাহাঙ্গীর সাত দিনের রিমান্ড আবেদন করেন। একই সঙ্গে সন্ত্রাসবিরোধী আইনে পলি খাতুন নামের এক নারীর দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদনও করেন তিনি।
এ সময় বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং পলি খাতুনের মামলায় তাকে গ্রেফতারের আদেশ দেন। এরপর মোনালিসা ইসলামকে মেহেরপুর জেলা কারাগারে পাঠানো হয়।
মেহেরপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) সেলিম জাহাঙ্গীর জানান, রিমান্ডে নেয়ার পর তাকে সদর থানায় জিজ্ঞাসাবাদ করা হবে।










