ফেনীতে নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী তৈরি ও সংরক্ষণের অপরাধে দুই প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।
আজ রোববার (৯ মার্চ) দুপুরে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মুহাম্মদ শামছুল আরেফিন সরেজমিনে পরিদর্শন শেষে এ নির্দেশ প্রদান করেন।
সূত্রমতে, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মুহাম্মদ শামসুল আরেফিন ও সদর উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর আবদুর রহমানের নেতৃত্বে পবিত্র রমজান উপলক্ষে ইফতারে ভেজাল খাদ্য নিয়ন্ত্রণে ফেনী সদর উপজেলার হাজীর বাজারে অভিযান পরিচালনা করেন। এ সময় তারা ইসলামী হোটেল ও হাজীর মিস্টি মেলা হোটেলে গিয়ে দেখতে পান, সম্পূর্ণ অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ইফতার তৈরি করে তা বিক্রি করার প্রস্তুতি নেয়া হচ্ছে এবং ইফতার সামগ্রী নোংরা পরিবেশে সংরক্ষণ করা হয়েছে।
শামসুল আরেফিন বলেন, ‘পরিদর্শন শেষে দোকান দুটিকে বন্ধ করে দিয়ে আগামীকাল পুরো দোকান পরিষ্কার করে তারপর ইফতার তৈরি ও বিক্রি করার নির্দেশ দেয়া হয়েছে। অন্যথায় জেলা প্রশাসনের সহযোগিতায় হোটেল বন্ধসহ জেল-জরিমানা করা হবে মর্মে জানানো হয়। একই দিন মহিপালের বিভিন্ন হোটেল ও খাবারের দোকান পরির্দশন করে স্বাস্থ্যসম্মতভাবে খাবার পরিবেশন করতে নির্দেশ প্রদান করা হয়।'
দোকান পরিদর্শনের সময় শহরের বিভিন্ন স্থানে হ্যান্ড গ্লাভস ও সচেতনতা সৃষ্টিতে লিফলেট, মাথার ক্যাপ বিতরণ করা হয়।










