বান্দরবান সদর হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন প্লান্টটি উদ্বোধন হওয়ার এক সপ্তাহেও অক্সিজেন সরবরাহ ব্যবস্থা চালু হয়নি। এছাড়া ঠিকাদারি প্রতিষ্ঠান এখনো প্লান্টটি হাসপাতাল কর্তৃপক্ষকে বুঝিয়ে দেয়নি বলে জানিয়েছেন আরএমও।
হাসপাতাল সূত্র জানায়, ১৩ এপ্রিল প্লান্টটির উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। নির্মাণকাজে সংশ্লিষ্টরা শুধু কাজ সম্পাদনসংক্রান্ত একটি চুক্তিপত্রের অনুলিপি দিয়েছে। এছাড়া প্লান্টটির ব্যয়, কাজের সময়সীমা, প্রাক্কলন ও নকসাসহ নির্মাণসংক্রান্ত সার্বিক বিষয়ে সংশ্লিষ্টরা হাসপাতাল কর্তৃপক্ষকে কোনো অনুলিপি দেয়নি। এ কারণে নির্মাণকাজ চলাকালে হাসপাতাল কর্তৃপক্ষ কোনো মনিটরিং করতে পারেনি। এজন্য উদ্বোধনের এক সপ্তাহেও প্লান্টটি কার্যত অচল রয়েছে।
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মো. মোরশেদুল আলম বণিক বার্তাকে বলেন, ৩ কোটি ২৫ লাখ ৯৫ হাজার টাকা ব্যয়ে নির্মিত প্লান্টটি বাস্তবায়নের কাজ পায় স্পেক্ট্রা ইন্টারন্যাশনাল লিমিটেড। প্লান্ট নির্মাণসংক্রান্ত যাবতীয় অনুলিপি সিভিল সার্জন কার্যালয়ে দেয়া হয়েছে। সেখান থেকে বিস্তারিত জেনে নিতে পারবেন। অক্সিজেন সরবরাহ হচ্ছে বলে দাবি করেন তিনি।
এদিকে সিভিল সার্জন কার্যালয়ের প্রশাসনিক শাখা, হিসাব শাখা ও সমন্বয় শাখা জানায়, সংশ্লিষ্টরা সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট নির্মাণসংক্রান্ত কোনো কাগজপত্র এ কার্যালয়ে দেয়নি।
স্পেক্ট্রা ইন্টারন্যাশনাল লিমিটেডের প্রকৌশলী মি. সবুজের দাবি, শনিবার সন্ধ্যা থেকে অক্সিজেন সরবরাহ ব্যবস্থা চালু হয়েছে।
হাসপাতালের সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট থেকে অক্সিজেন সরবরাহ চালু হয়নি বলে নিশ্চিত করেছেন বান্দরবান সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নয়ন কান্তি দাশ। তিনি বণিক বার্তাকে বলেন, এখনো হাসপাতাল কর্তৃপক্ষকে প্লান্টটি বুঝিয়ে দেয়া হয়নি।









