ফরিদপুরে অর্থ আত্মসাৎ মামলায় জামিন পেয়েছেন পল্লী প্রগতি সহায়ক সমিতির বরখাস্ত
হওয়া সাবেক নির্বাহী পরিচালক অলিয়ার রহমান খান। নয় কোটি ৯৬ লাখ ৩৫ হাজার ৭৯২ টাকা অডিট
আপত্তির দায় স্বীকার করে মুচলেকা দিয়ে জামিন পান তিনি।
জেলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে দায় স্বীকার করে আজ মঙ্গলবার
টাকা ফেরতের অঙ্গীকার করেন অলিয়ার রহমান।
এর মধ্যে তিনটি পৃথক পে অর্ডারের মাধ্যমে তিন লাখ টাকা পরিশোধ করেছেন। আদালতের ধার্য তারিখের মধ্যে বাকি টাকা পরিশোধ করবেন বলে জানান অলিয়ার। অঙ্গীকারনামায় তার সঙ্গে যুক্ত আছেন তিন ওয়ারিশ স্ত্রী, ছেলে ও মেয়ে।
মামলার বাদী ও পল্লী প্রগতি সহায়ক সমিতির জেনারেল সেক্রেটারি আব্দুল কুদ্দুস মোল্লা জানান, এক্সটার্নাল ও ইন্টার্নাল অডিট আপত্তির কারণে অলিয়ারকে প্রথমে সাময়িক ও পরে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়। পরবর্তীতে সংস্থার নিয়মানুযায়ী তার বিরুদ্ধে আদালতে মামলা রুজু করা হলে তিনি গত ১৮ অক্টোবর আদালতে উপস্থিত হয়ে জামিন প্রার্থনা করেন।, আদালত তা নামঞ্জুর করে জেল হাজতে পাঠায়।
আরো জানান, তিনটি পৃথক পে অর্ডারের মাধ্যমে তিন লাখ টাকা পরিশোধ করেছেন অলিয়ার।
বাকি নয় কোটি ৯৩ লাখ ৩৫ হাজার ৭৯২ টাকা আদালত কর্তৃক ধার্যকৃত তারিখের মধ্যে পরিশোধ
করবেন বলে অঙ্গীকারনামা প্রদান করেছেন।
এ ব্যাপারে অলিয়ার রহমান খানের ছেলে শাতিল ইবনে অলিয়ার জানান, তার বাবা দীর্ঘদিন
ধরে পল্লী প্রগতি সহায়ক সমিতির নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব
পালনকালে কোনো ভুল ছিল কিনা তারা নিশ্চিত নন। যেহেতু অডিট আপত্তি তোলা হয়েছে, জামিনে
মুক্তির পর বিষয়গুলো খতিয়ে দেখা হবে।
অভিযোগকারীর সঙ্গে অলিয়ারের পারিবারিক সম্পর্ক রয়েছে। উভয়পক্ষ বসে আলোচনার মাধ্যমে
বিষয়টি নিস্পত্তি করার চেষ্ট করা হবে বলেও জানান তিনি।










