ইরানের সামরিক স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার মধ্যরাতের পর তিনটি প্রদেশে এ হামলা চালানো হয়। ইরান জানিয়েছে, কিছু ক্ষয়ক্ষতি হলেও তারা সাফল্যের সঙ্গে হামলা মোকাবেলা করেছে। অন্যদিকে ইসরায়েলি ডিফেন্স ফোর্সের (আইডিএফ) ভাষ্য, ইরানের ক্ষেপণাস্ত্র নির্মাণের স্থাপনায় হামলা শেষে তাদের যুদ্ধবিমানগুলো নিরাপদে দেশে ফিরেছে। খবর বিবিসি ও রয়টার্স।
ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ২৫ দিন পর আইডিএফ এ হামলা চালাল। আইডিএফ বলছে, কয়েক মাস ধরে ইরানের ধারাবাহিক হামলার জবাবে তার এ হামলা চালিয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ভাষ্য, আত্মরক্ষার অংশ হিসেবে ইসরায়েল এ হামলা চালিয়েছে।
ইরানের এয়ার ডিফেন্স ফোর্স এক বিবৃতিতে জানিয়েছে, তেহরান, খুজেস্তান ও ইলম—তিন প্রদেশের কয়েকটি ঘাঁটিতে হামলা হয়েছে। এসব হামলায় নিজেদের চার সেনার মৃত্যুর খবরও দিয়েছে তেহরান।
হামলার পর ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা জানায়, দেশটির প্রতিরক্ষা বাহিনী তেহরানের আশপাশের আকাশসীমায় প্রতিপক্ষের লক্ষ্যবস্তু সফলভাবে ধ্বংস করেছে।
ইরানের রেভল্যুশনারি গার্ডের ঘনিষ্ঠ একটি সূত্র বলছে, তেহরানের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমে কিছু সামরিক ঘাঁটিকে টার্গেট করে হামলা চালায় আইডিএফ। সিরিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা বলছে, ইরানের মধ্য ও দক্ষিণাঞ্চলে কিছু সামরিক স্থাপনায় ইসরায়েল বিমান হামলা চালিয়েছে।
ইসরায়েলের সামরিক বাহিনী বলছে, ‘২০২৩ সালের ৭ অক্টোবরের পর ইরান এবং ওই অঞ্চলজুড়ে তাদের ছায়া সহযোগীদের বিরামহীন হামলার জবাব দেয়ার অধিকার বিশ্বের সব সার্বভৌম দেশের মতো ইসরায়েলেরও আছে।’
ইরানে যখন হামলা চালানো হয়, তখন বাংকারে আশ্রয় নেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট।
আইডিএফের মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি বলেন, ‘ইরানের সামরিক বাহিনীর ২০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছি এবং ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে তাৎক্ষণিক হুমকিগুলো নস্যাৎ করে দিয়েছি।’ হ্যাগারি হুমকি দিয়ে বলেন, ‘যদি ইরান পাল্টা হামলা চালায়, তবে ইসরায়েল প্রতিক্রিয়া দেখাতে বাধ্য হবে।’
এদিকে হোয়াইট হাউজ জানিয়েছে, ইসরায়েল আত্মরক্ষাচর্চার অংশ হিসেবে ইরানে হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র সিবিএস নিউজকে বলেন, ‘আমরা বুঝতে পারছি যে ইসরায়েল ইরানের সামরিক স্থাপনায় অভিযান চালাচ্ছে। ১ অক্টোবর ইসরায়েলে ব্যালিস্টিক মিসাইল হামলা ও আত্মরক্ষাচর্চা থেকেই তারা এটা করেছে।’
সিবিএস নিউজ জানায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে পুরো পরিস্থিতি অবহিত করা হয়েছে এবং তিনি পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তবে ইসরায়েলের এ হামলার সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেছে পেন্টাগন।
ইরান মাসখানেক আগে ইসরায়েলে প্রায় ২০০ ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। এর পর থেকেই মূলত ইরানে ইসরায়েল হামলা চালাতে পারে বলে ধারণা করা হচ্ছিল।










