‘বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি’ টুর্নামেন্টের ফাইনালে উঠেছে বাংলাদেশ। গতকাল মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম সেমিফাইনালে থাইল্যান্ডকে তিনটি লোনাসহ ৪১-১৮ পয়েন্ট ব্যবধানে হারিয়ে শিরোপার মঞ্চে জায়গা করে নেয় লাল-সবুজের দল। এর মধ্য দিয়ে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিতে টানা চতুর্থবারের মতো ফাইনালে জায়গা করে নিল স্বাগতিকরা। আজ ফাইনালে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। গতকাল দ্বিতীয় সেমিফাইনালে কেনিয়াকে টাইব্রেকারে ৯-৫ পয়েন্টে হারায় তারা।

গত আসরের দুই সেমিফাইনালিস্টরা এবারো মুখোমুখি হয়। ম্যাচের ফলাফলও আগের মতো। শেষ চারের লড়াইয়ে দারুণ ক্রীড়াশৈলী প্রদর্শন করে ম্যাচসেরার পুরস্কার জিতে নেন বাংলাদেশের তারকা রেইডার অধিনায়ক আরদুজ্জামান মুন্সি। তিনি একাই তুলে আনেন মূল্যবান ১১টি পয়েন্ট। 

ম্যাচের শুরুতেই বাজিমাত করে বাংলাদেশ। মাত্র ১২ সেকেন্ডেই বোনাসসহ থাইল্যান্ডের কাছ থেকে ৪ পয়েন্ট তুলে আনেন আরদুজ্জামান। ষষ্ঠ মিনিটে প্রথম লোনা পায় বাংলাদেশ। এ সময় ১০-১ পয়েন্টে এগিয়ে ছিল স্বাগতিকরা। ১৯ মিনিটে ম্যাচে আসে দ্বিতীয় লোনা। আরদুজ্জামান, মিজানুররা এগিয়ে ছিল ২৩-৭ পয়েন্টে। প্রথমার্ধে বাংলাদেশের সামনে দাঁড়াতেই পারেনি থাইল্যান্ড।