চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চুয়াডাঙ্গার চারটি ইউনিয়নের সবগুলোতেই জয় পেয়েছে আওয়ামী লীগের প্রার্থীরা। গতকাল রোববার সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয় কুতুবপুর, আলুকদিয়া, মোমিনপুর ও পদ্মবিলা ইউনিয়নে। বিকেল ৪টায় ভোট গ্রহণ শেষে রাতে সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা কামরুল হাসান  ফলাফল ঘোষণা করেন।

প্রাপ্ত ঘোষণা অনুযায়ী কুতুবপুর ইউনিয়নে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলী আহম্মেদ হাসানুজ্জামান মানিক। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ১১ হাজার ৩৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জুয়েল রানা চশমা প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৯১৪ ভোট।

আলুকদিয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাজী আবুল কালাম নৌকা প্রতীকে ৮ হাজার ২১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আক্তাউর রহমান মুকুল মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৩০৯ ভোট।

মোমিনপুর ইউনিয়নে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল মামুন। নৌকা প্রতীক নিয়ে তিনি জয়ী হয়েছেন ৫ হাজার ৭৪৩ ভোটে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী গোলাম ফারুক জোয়ার্দ্দার ঘোড়া প্রতীক নিয়ে ৪ হাজার ৭৮ ভোট পেয়েছেন।

পদ্মবিলা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সেলিম মল্লিককে হারিয়ে জয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আলম মণ্ডল। নৌকা প্রতীক নিয়ে ৪ হাজার ৫১৮ ভোট পেয়েছেন তিনি। আর আনারস প্রতীক নিয়ে সেলিম মল্লিক পেয়েছেন ৩ হাজার ৯২০ ভোট।