জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) খবর সংগ্রহ করতে গিয়ে পুলিশের ছররা গুলিতে আহত হয়েছেন বণিক বার্তার জাবি প্রতিনিধি মেহেদী মামুনসহ বিশ্ববিদ্যালয়ে কর্মরত চার সাংবাদিক। মেহেদী মামুন জানান, সোমবার রাতে সংবাদকর্মীর পরিচয়পত্র দেখানো সত্ত্বেও পুলিশ খুব কাছ থেকে গুলি ছোঁড়ে।
মেহেদী মামুন জানান, তিনি সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। তার সঙ্গে আহত হয়েছেন জোবায়ের আহমেদ (দ্য বাংলাদেশ টুডে), আরিফুজ্জামান উজ্জ্বল (ইত্তেফাক) ও আব্দুর রহমান সার্জিল (দৈনিক বাংলা)। মেহেদী মামুন জানান, তার শরীরে ছররা গুলির ৩৫টি আঘাতের চিহ্ন রয়েছে। চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন।
এদিকে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, সোমবার রাত সাড়ে ১০টার দিকে তারা উপাচার্যের সঙ্গে তার বাসভবনের সামনে দেখা করেন। দেখা করার পর ছাত্রলীগের হামলার আশঙ্কায় আন্দোলনকারীরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন। এর মধ্যে রাত ১২টার দিকে হেলমেট পরে দেশীয় অস্ত্র হাতে তাদের ওপর হামলা চালায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, হামলার পর মধ্যরাতের দিকে উপাচার্য বাসভবনের ফটকের ভেতরে আশ্রয় নেন তারা। সেখানে ঢুকে বহিরাগতদের সঙ্গে নিয়ে সশস্ত্র হামলা চালান ছাত্রলীগ নেতাকর্মীরা। পরে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা এসে ধাওয়া দিলে ছাত্রলীগ নেতাকর্মীরা পালিয়ে যান।
এ ব্যাপারে মঙ্গলবার সকালে ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম বলেন, রাতে উপাচার্যের বাসভবনে হামলা হলে পুলিশ এসে হামলাকারীদের প্রতিহত করে। পরে তারা এখান থেকে সরে যান।










