মহাসড়ক থেকে টোল আদায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে নির্দেশনা দিয়েছেন, তা বাস্তবায়নে কাজ শুরু হয়েছে। প্রাথমিকভাবে চার লেন ও গুরুত্বপূর্ণ মহাসড়ক থেকে টোল আদায়ের পরিকল্পনা করছেন সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের কর্মকর্তারা। পর্যায়ক্রমে সব জাতীয় মহাসড়ককে টোলের আওতায় আনা হবে। এজন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে অধিদপ্তর। তবে কবে নাগাদ টোল আদায় শুরু হবে, তার দিনক্ষণ এখনো নির্ধারণ হয়নি।

গত ৩ সেপ্টেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় জাতীয় মহাসড়ক থেকে টোল আদায়ের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। এই নির্দেশনার পরিপ্রেক্ষিতে সওজ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসানের নেতৃত্বে একটি টিম কাজ শুরু করেছে। টোল আদায়ের ক্ষেত্রে চার লেনের মহাসড়কগুলোকে প্রাধান্য দিচ্ছে এ কমিটি।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে পরিকল্পনা হচ্ছে ঢালাওভাবে সব সড়ক নয়, টোল আদায় হবে কেবল চার লেন মহাসড়কে। প্রথমে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে টোল আদায় করা হবে। ঢাকা-টাঙ্গাইলসহ অনেকগুলো মহাসড়ক চার লেনে উন্নীতের কাজ চলমান। এসব মহাসড়ক থেকেও টোল আদায় করা হবে। পাশাপাশি ঢাকা-মাওয়ার মধ্যে যে এক্সপ্রেসওয়েটি নির্মাণাধীন আছে, সেটি থেকেও টোল আদায়ের পরিকল্পনা হচ্ছে। পর্যায়ক্রমে দেশের সব জাতীয় মহাসড়ক টোলের আওতায় আসবে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব নজরুল ইসলাম বলেন, মহাসড়ক থেকে টোল আদায়ের জন্য প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। নির্দেশনা বাস্তবায়নের জন্য আমরা কাজ করছি।

বর্তমানে দেশে যে টোল নীতিমালা কার্যকর রয়েছে তা ২০১৪ সালে প্রণীত হয়। বিদ্যমান টোল নীতিমালা অনুযায়ী, জাতীয় মহাসড়কের ভিত্তি টোল নির্ধারণ করা হয়েছে কিলোমিটারপ্রতি ১ টাকা ৫০ পয়সা। এ হিসাবে ট্রেইলারে টোল পড়বে কিলোমিটারপ্রতি ৩ টাকা ৭৫ পয়সা। ভারী ট্রাকে কিলোমিটারপ্রতি টোল আদায় হবে ৩ টাকা। মাঝারি ও ছোট ট্রাকের কিলোমিটারপ্রতি টোলহার যথাক্রমে ১ টাকা ৫০ পয়সা ও ১ টাকা ১২ পয়সা। বাস ও মিনিবাসের কিলোমিটারপ্রতি টোলহার যথাক্রমে ১ টাকা ৩৫ পয়সা ও ৯০ পয়সা। একইভাবে গুরুত্বপূর্ণ মহাসড়কে ট্রেইলারে কিলোমিটারপ্রতি ৫ টাকা, ভারী ট্রাকে ৪ টাকা, মাঝারি ও ছোট ট্রাকে ২ টাকা ও ১ টাকা ৫০ পয়সা। বাস ও মিনিবাসের টোলহার যথাক্রমে কিলোমিটারপ্রতি ১ টাকা ৮০ পয়সা ও ১ টাকা ২০ পয়সা।

বর্তমানে দেশের তিনটি সড়ক-মহাসড়কের কিছু