ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রাইভেটকার চাপায় শরিফুল ইসলাম (৪৭) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশাচালক নিহত হয়েছেন।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় অটোরিকশা ইউটার্ন নেয়ার সময় দ্রুত গতিতে আসা একটি প্রাইভেটকার অটোরিকশাটিকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা শরিফুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শরিফুল ইসলাম উপজেলার কাঁঠালী গ্রামের কুদ্দুস মণ্ডলের ছেলে।

পরে খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে প্রাইভেটকারটি জব্দ করে ফাঁড়িতে নিয়ে যায়। এ ঘটনায় প্রাইভেটকারটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে প্রাইভেটকারটি আটক করা গেলেও চালককে আটক করা সম্ভব হয়নি। এ ছাড়া নিহতের মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করেছে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্স।

এ ঘটনায় এখনো কোনো মামলা বা অভিযোগ দায়ের করা হয়নি।