মাদারীপুরের শিবচরে অজ্ঞাতনামা একটি গাড়ি চাপায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গত রোববার (৪ ফেব্রুয়ারি) দিবাগত  রাত আড়াইটার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেস হাইওয়ের মুন্সীবাজার নামক স্থানে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- মো. আল মাসুদ (২৫) ও মো. আফ্রিদি হাসান (২২)।

অজ্ঞাতনামা ওই গাড়ি চাপায় ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল চালক মো. আল মাসুদ। অন্যজন মো. আফ্রিদি হাসান গুরুতর আহত হলে স্থানীয়রা প্রথমে তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠান। সেখানে গতকাল সোমবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মো. আল মাসুদ ঝিনাইদহ সদর উপজেলার ধোপাঘাটা গোবিন্দপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে ও মো. আফ্রিদি হাসান একই গ্রামের তৈয়বুর রহমানের ছেলে বলে জানা গেছে।

শিবচর হাইওয়ে থানার ওসি শাকিল আহমেদ জানিয়েছেন, গত রোববার গভীর রাতে ঢাকা থেকে মোটরসাইকেল যোগে মো. আল মাসুদ ও মো. আফ্রিদি হাসান নামের দুই যুবক ঝিনাইদহ যাচ্ছিলেন। রাত আনুমানিক আড়াইটার দিক তাদের মোটরসাইকেলটি ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেস হাইওয়ের মাদারীপুরের শিবচরের মুন্সীবাজার নামক স্থানে আসলে অজ্ঞাতনামা একটি গাড়ি তাদেরকে চাপায় ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক মো. আল মাসুদ নিহত হয়। গুরুতর আহত হয় মো. আফ্রিদী হাসান। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আফ্রিদী হাসানকে উদ্ধার করে প্রথমে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তবে তার অবস্থা সঙ্কটাপন্ন হওয়ায় শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার সন্ধ্যায় আফ্রিদি হাসানের মৃত্যু হয়।

শাকিল আহমেদ আরো জানান, খবর পেয়ে রোববার রাত আড়াইটার দিকে শিবচর হাইওয়ে থানা পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে আল মাসুদের লাশ উদ্ধার করে। লাশের সুরতহাল রিপোর্ট শেষে সোমবার বিকেলে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। অপরদিকে গুরুতর আহত আফ্রিদী হাসান ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সন্ধ্যায় মারা যাওয়ায় তার লাশের বিষয়ে আমাদের কোন কার্যক্রম নেই। তবে এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।