পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের
যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, কোটা আন্দোলনের নামে যারা রাজাকারের
পক্ষে স্লোগানে নেতৃত্ব দিয়েছেন, তাদের বিরূদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া প্রয়োজন।
মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে
ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ১৬ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দি দিবস
উপলক্ষে ঢাকা জেলা আওয়ামী লীগের সভায় প্রধান অতিথির বক্তৃতায় সমসাময়িক প্রসঙ্গে তিনি
একথা বলেন।
হাছান মাহমুদ বলেন, সরকারি চাকুরিতে
কোটা সংস্কার নিয়ে কিছু শিক্ষার্থী যখন আন্দোলন শুরু করে, তখন সেখানে বিএনপি-জামাত
তাদের 'প্ল্যান্টেড' লোক ঢুকিয়ে দিয়েছে এবং কোটাবিরোধী আন্দোলনকে রাষ্ট্রবিরোধী, সরকারবিরোধী
আন্দোলনে রূপ দেয়ার অপচেষ্টা করছে। সেই কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজাকারের পক্ষে
শ্লোগান এসেছে।
তিনি বলেন, যারা এই আন্দোলন করছে,
তারা দেশের সংবিধান মানতে চায় না। দেশের অনগ্রসর গোষ্ঠীকে রাষ্ট্রের কার্যক্রমে যুক্ত
করার ক্ষেত্রে বিশেষ সুবিধা দেওয়ার বিষয়টি সংবিধানে আছে।
কোটার বিষয়টি এখন আদালতের এখতিয়ারভুক্ত
উল্লেখ করে মন্ত্রী হাছান বলেন, সরকার শিক্ষার্থীদের প্রতি সহানুভূতিশীল হয়ে কোটাপদ্ধতি
বাতিলের যে প্রজ্ঞাপন দিয়েছিল, একজন ব্যক্তি সংক্ষুব্ধ হয়ে মামলার প্রেক্ষিতে হাইকোর্ট
সেটি বাতিল করেছিল, সুপ্রিম কোর্ট আবার সেটির ওপর স্থগিতাদেশ দিয়েছেন। অর্থাৎ এটি আদালতে
বিচারাধীন বিষয়। এটি নিয়ে সরকার কিছু করতে গেলে আদালত অবমাননা হবে, সংবিধানবিরোধী হবে।










