নরসিংদীর শিবপুরে কবির আহমেদ (৩৫) নামে এক কাপড় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের ধনাইয়া গ্রামের একটি ব্রিজের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত কবির আহমেদ শিবপুর বাজারের একজন কাপড় ব্যবসায়ী ছিলেন। তিনি ধনাইয়া গ্রামের বাসিন্দা ও আলিম উদ্দিনের ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ব্যবসায়িক কাজ শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন কবির আহমেদ। পথে তিনি ছিনতাইকারীদের কবলে পড়েন। ঘটনার সময় তিনি পরিবারের সদস্যদের সঙ্গে মোবাইল ফোনে কথা বলছিলেন। তবে কিছুক্ষণ পর থেকেই তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর পরিবারের লোকজন ও প্রতিবেশীরা সারা রাত খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
বুধবার সকালে স্থানীয়রা ধনাইয়া গ্রামের একটি ব্রিজের নিচে তার মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়।
শিবপুর মডেল থানার ওসি আফজাল হোসাইন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মোটরসাইকেল ও মোবাইল ফোন ছিনিয়ে নিতে তাকে হত্যা করা হয়েছে। মৃতের শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।










