সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, কল্যাণরাষ্ট্র গঠন করতে হলে প্রয়োজন প্রবীণদের অতীত অভিজ্ঞতা, জ্ঞানের আলো আর জীবনের বাস্তবতা নিয়ে নবীনদের সৃজনশীলতার সমন্বিত উদ্যোগ ।
শনিবার (১ নভেম্বর) রাজধানীর খিলগাঁও পল্লীমা সংসদ কনফারেন্স হলে দিনব্যাপী নবীন-প্রবীণ আন্তঃপ্রজন্ম মিলনমেলা-২০২৫ সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনের আয়োজন করে নবীন-প্রবীণ আন্ত:প্রজন্ম স্বনির্ভর ক্লাব।
উপদেষ্টা বলেন, আমাদের ঘরে, পরিবারে বা সমাজে যারা প্রবীণ রয়েছেন তাদের সমস্যাগুলো আমরা বুঝব, সমাধানের চেষ্টা করব, তাদের পাশে থেকে আশার হাত বাড়িয়ে দেব। কারণ নবীন ও প্রবীণ এ দুই প্রজন্ম আলাদা নয়; বরং একটিই জীবন, যার দুই অধ্যায়।
আজকের নবীন আগামী দিনের প্রবীণ উল্লেখ করে তিনি বলেন, প্রবীণ ও নবীনদের অভিজ্ঞতা আর উদ্যম মিলেই তো গড়ে উঠবে একটি পরিপূর্ণ সমাজ তথা কল্যাণময়ী রাষ্ট্র।
উপদেষ্টা বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কাজ স্পর্শকাতর এবং এর পরিধি বিশাল। দেশের প্রান্তিক জনগোষ্ঠীর সেবামূলক কাজ করাই এ মন্ত্রণালয়ের দায়িত্ব। এ মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়ার পর সুশাসন ফিরিয়ে আনতে অবকাঠামগত পরিবর্তন করেছি এবং আমার নিজের অংশগ্রহণের মধ্য দিয়ে সফলতায় আনতে চেষ্টা করেছি।
তিনি বলেন, বয়স্ক ভাতা ৬১ লাখে উন্নীত করেছি, বিধবা ভাতা ৩৫ লক্ষে উন্নীত করেছি এবং সব ভাতার পরিমাণ বৃদ্ধি করা হয়েছে। এ ছাড়া বয়স্ক মানুষের জন্য বিদেশী অর্থায়নে চারশটি ক্লাবের পাশাপাশি আরো ছয়শটি ক্লাব তৈরির উদ্যোগ নেয়া হয়েছে। যাতে প্রবীণরা একঘেয়েমি জীবন থেকে পরিত্রাণের জন্য একে অপরের সঙ্গে গল্প করতে পারেন, চা খেতে পারেন।
তিনি প্রবীণদের উদ্দশ্যে বলেন, আপনারা নবীনদের নিয়ে বসুন, আলোচনা করুন কিভাবে দেশকে আরো উন্নতির দিকে এগিয়ে নেয়া যায় এবং সুন্দর বাংলাদেশ গড়ে তোলা যায়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষাবিদ ও অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মো. সাইদুর রহমান খান, অতিরিক্ত পরিচালক এম এম মাহমুদুল্লাহ, বাংলাদেশ সিনিয়র সিটিজেন ফোরামের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান চপল, প্রবীণদের মধ্যে ফজলুল কবির এবং নবীনদের মধ্যে অ্যাডভোকেট নীলাঞ্জনা রিফাত সুরভি, ছোঁয়া,ও আনিকা আনজুম সহ অনেকে। স্বাগত বক্তব্য দেন নবীন-প্রবীণ আন্তঃপ্রজন্ম স্বনির্ভর ক্লাবের মুখ্য উদ্যোক্তা ও আহ্বায়ক মু. হাফিজুর রহমান ময়না।









