দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান বলেছেন, সরকার নাশকতার সঙ্গে জড়িত সবাইকে খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করবে। বিএনপি-জামায়াতের তাণ্ডবের শিকার মানুষকে মানবিক সহায়তা দিতে সরকার কাজ করে যাচ্ছে বলে তিনি জানান।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবিরোধী সব অপচেষ্টা রুখে দিয়ে দেশকে স্বাভাবিক ধারায় নিয়ে এসেছেন।

আজ বৃহস্পতিবার (২৫ জুলাই) রাজধানীর তেজগাঁও খাদ্য গুদামে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মহিববুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ঢাকা সিটি করপোরেশনসহ বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষকে সহায়তা করতে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।

তিনি বলেন, দুষ্কৃতকারীরা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরেও আগুন দিয়েছে। এভাবে সন্ত্রাস করে জনগণের জীবন অনিরাপদ করার যেকোনো চেষ্টা রুখে দেয়া হবে।

অনুষ্ঠানে ৫০০ জন ক্ষতিগ্রস্তকে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রিজোয়ানুর রহমান।