‘অনলাইনে ভ্যাট দিন, দেশ গড়ায় অংশ নিন’ এ স্লোগান সামনে নিয়ে যশোরে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ পালিত হয়েছে। গতকাল কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট যশোরের সম্মেলনকক্ষে ভ্যাট সম্পর্কে জনগণকে আরো সচেতন এবং উদ্বুদ্ধ করার লক্ষ্যে সেমিনার ও সর্বোচ্চ ভ্যাটদাতাদের সম্মাননা দেয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডেও সদস্য (কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট) ড. সহিদুল ইসলাম। কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট যশোরের কমিশনার মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বেনাপোলের কাস্টম কমিশনার আজিজুর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন যশোর কাস্টমের অতিরিক্ত কমিশনার ফজলুর রহমান, যুগ্ম কমিশনার নাহিদ নওশাদ মুকুল, উপ-কমিশনার শাফায়েত হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট যশোরের আওতাধীন বিভিন্ন সেক্টরের ব্যবসায়ী, উৎপাদনকারী, ভ্যাটদাতা চেম্বারের প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানে ২০১৯-২০ অর্থবছরে জেলা পর্যায়ে সর্বোচ্চ ভ্যাট পরিশোধকারী ১৮টি প্রতিষ্ঠানকে সম্মাননা ক্রেস্ট, সার্টিফিকেট প্রদান করা হয়।