হবিগঞ্জের মাধবপুরে পাথরবোঝাই ট্রাক ও বালুবোঝাই ট্রাকের সঙ্গে একটি একটি মাইক্রোবাসের সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হয়েছেন পাঁচ জন। নিহতদের মধ্যে চারজন একই পরিবারের সদস্য। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো তিনজন। তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ শনিবার (৭ জানুয়ারি) ভোর রাতে ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জ মাধবপুর উপজেলার শাহপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা হতাহতদের উদ্ধার করেন। 

মাধবপুর থানার টহল অফিসার মনিরুল ইসলাম মুন্সি জানান, মাইক্রোবাসটি ঢাকা থেকে মৌলভীবাজারের দিকে যাচ্ছিল। এমন সময় ঢাকা অভিমুখী একটি পাথরবোঝাই ট্রাক একইমুখী একটি বালুবোঝাই ট্রাককে অতক্রম করার সময় মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। 

এ ঘটনায় মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে চালকসহ পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিনজন।