বগুড়ার শেরপুরে মহাসড়কে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যাওয়ার পর পেছনে থাকা ট্রাকের চাপায় ২ যুবক নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরো ২ জন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার (১২ মার্চ) সন্ধ্যা ৭টায় শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া এলাকার ফাল্গুনী হোটেলের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, খানপুর ইউনিয়নের কয়েরখালী গ্রামের নাঈম (২১) এবং সেলিম (২২)। এ দুর্ঘটনায় রিফাত রহমান (২১) ও একই এলাকার অজ্ঞাত আরো একজন আহত হয়েছেন।
জানা গেছে, বুধবার বিকালে জেলার শেরপুর উপজেলার কয়েরখালি বাজার থেকে তিনজন মোটরসাইকেল নিয়ে শেরপুরে ঘুরতে যান। ইফতারের আগে বাড়ি ফিরতে গিয়ে শেরুয়া বটতালা ফাল্গুনী হোটেলের সামনে একটি প্রাইভেটকারকে ওভারটেক করতে গিয়ে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি রাস্তায় পড়ে যায়। এই সময় পেছন থেকে একটি অজ্ঞাত ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই নাঈম নিহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক নাঈমকে মৃত ঘোষণা করেন। আহত সেলিমকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে তারও মৃত্যু হয়।
বগুড়ার শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের পরিদর্শক আজিজুল হক বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।










