ভারতের আম আদমি পার্টির (এএপি) নেতা অরবিন্দ কেজরিওয়াল কারাগার থেকে জামিনে বের হওয়ার দুদিন পর দিল্লির মুখ্যমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন। দিল্লিতে দলের এক বৈঠকে গতকাল দুপুরে কেজরিওয়াল বলেন, ‘দুদিন পর মুখ্যমন্ত্রীর পদ থেকে আমি পদত্যাগ করব। জনগণ রায় না দেয়া পর্যন্ত আমি আর ওই চেয়ারে বসব না। আর কয়েক মাসের মধ্যেই দিল্লিতে নির্বাচন। আইনি আদালত থেকে আমি বিচার পেয়েছি। এখন জনতার আদালত থেকে বিচার পাব। জনগণের আদেশের পরই কেবল আমি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসব।’
তিনি আরো বলেন, ‘দিল্লির জনগণকে আমি জিজ্ঞেস করতে চাই, কেজরিওয়াল দোষী না নির্দোষ? আমি যদি কাজ করে থাকি আমার জন্য ভোট দিন।’
তিনি জানান, দিল্লির নতুন মুখ্যমন্ত্রী বেছে নেয়ার জন্য আগামী দুদিনের মধ্যে এএপির এমএলএদের একটি বৈঠক হবে আর তার পদত্যাগের পর নতুন মুখ্যমন্ত্রীর নাম জানানো হবে। তিনি আরো জানান, তিনি জনগণের কাছে যাবেন আর তাদের সমর্থন চাইবেন। নভেম্বরে মহারাষ্ট্রের ভোটের পাশাপাশি দিল্লির নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন কেজরিওয়াল।










