শিশুদের ভেতরে লুকিয়ে থাকা প্রতিভা বিকশিত করার ওপর গুরুত্বারোপ করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
রোববার রাজধানীর চ্যানেল আই প্রাঙ্গণে শিশুশিল্পী প্রতিভা অন্বেষণের রিয়েলিটি শো ‘শাপলাকুঁড়ি-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, শিশুরা ফুলের মতো। তাদের ভেতরে লুকিয়ে থাকা প্রতিভা বিকশিত করতে হবে। এ প্রতিভা অন্বেষণে বাংলাদেশ জিয়া শিশু একাডেমী কাজ করে যাচ্ছে। এ উদ্যোগের সঙ্গে চ্যানেল আই যুক্ত হওয়ায় আয়োজনের পরিধি ও গুরুত্ব আরো বেড়েছে। এ প্রতিযোগিতার মাধ্যমে নতুন নতুন প্রতিভাবান শিল্পী উঠে আসবে, যারা দেশের সাংস্কৃতিক অঙ্গনকে সমৃদ্ধ করবে।
তিনি বলেন, বর্তমানে দেশের অনেক খ্যাতিমান শিল্পী চ্যানেল আইয়ের বিভিন্ন আয়োজনের মাধ্যমে পরিচিতি পেয়েছেন। ‘শাপলাকুঁড়ি’ও নতুন প্রজন্মের শিল্পীদের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
‘যেখানে প্রতিভা, সেখানেই আমরা’ এ স্লোগানে বাংলাদেশ জিয়া শিশু একাডেমীর আয়োজনে এবার ১৪তম আসরের আয়োজন করা হচ্ছে। ক্বেরাত, আবৃত্তি, অভিনয়, সংগীত, নৃত্য ও যন্ত্রসংগীতসহ বিভিন্ন বিষয়ে দেশের ১২টি জোনের প্রাথমিক বিজয়ীরা চূড়ান্ত পর্বে অংশ নেবেন। একজন প্রতিযোগী সর্বোচ্চ তিনটি একক এবং একটি দলীয় বিষয়ে অংশ নিতে পারবেন। প্রতিটি বিষয়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণের পাশাপাশি দুটি বিভাগে দুজনকে ‘শাপলাকুঁড়ি চ্যাম্পিয়ন’ নির্বাচিত করা হবে। প্রতিযোগিতার প্রতিটি পর্ব চ্যানেল আইয়ে সম্প্রচার করা হবে।
আয়োজকরা জানান, প্রতিযোগিতার নিবন্ধন চলবে ২৬ জুলাই থেকে ২০ আগস্ট পর্যন্ত। বিস্তারিত তথ্য চ্যানেল আই এবং বাংলাদেশ জিয়া শিশু একাডেমীর ওয়েবসাইটে পাওয়া যাবে।
অনুষ্ঠানে সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, বাংলাদেশ জিয়া শিশু একাডেমীর মহাপরিচালক হুমায়ুন কবীর, নজরুলসংগীতশিল্পী ফেরদৌস আরা, ফাতেমা তুজ জোহরা, কণ্ঠশিল্পী বিউটি, লায়লা, মৌমিতা বড়ুয়াসহ রিয়েলিটি শোটির প্রকল্প পরিচালক রাজু আলীম উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শিশুরাই জাতির ভবিষ্যৎ। তাদের সৃজনশীল প্রতিভা বিকাশে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং নতুন প্রজন্মের শিল্পীদের বিকাশের মাধ্যমে দেশের সংস্কৃতিকে আরো সমৃদ্ধ করবে।










