ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার মো. কবিরের সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছে ঢাকার একটি আদালত।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্তের জন্য ১০ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামান সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পল্টন থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক রোকনুজ্জামান বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ১২ ডিসেম্বর দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটে পল্টন থানাধীন বক্স কালভার্ট রোডে অটোরিকশায় ওসমান হাদিকে মোটরসাইকেল থেকে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করে পালিয়ে যায় দুষ্কৃতিকারীরা। এ ঘটনায় ১৪ ডিসেম্বর পল্টন থানায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন।










