নেত্রকোনার খালিয়াজুড়ির ধনু নদে স্পিডবোট ডুবে নিখোঁজ চারজনের মধ্যে আরো দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে দুর্ঘটনায় নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হলো।
রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে পাঁচহাট গ্রামের পাশে ধনু নদে ভাসমান অবস্থায় মরদেহ দুটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, রোববার সকাল পৌনে ৯টার দিকে পাঁচহাট গ্রামের পাশে নদীতে দুটি মরদেহ ভেসে ওঠে। পরে সেগুলো উদ্ধার করা হয়। মরদেহ দুটি হলো স্বপন মিয়ার মেয়ে লায়লা আক্তার (৭) ও রানা মিয়ার বোন শিরিন আক্তার (১৮) এর।
এর আগে, শনিবার দুপুরে নোফায়েল মিয়ার মেয়ে উষামনির (৫) লাশ উদ্ধার করা হয়। এখনো আরো এক শিশু নিখোঁজ আছে।
খালিয়াজুড়ি উপজেলার বাসিন্দা আব্দুর রব স্বাধীন জানান, পাঁচহাট গ্রামের নবাব মিয়ার ছেলে রানা মিয়ার বিয়ের অনুষ্ঠানে বরযাত্রী যাওয়ার জন্য স্পিডবোটটি ভাড়া করা হয়েছিল। বরযাত্রী রওনা হওয়ার আগে ১৫ জন মিলে কিছুক্ষণের জন্য ঘুরতে বের হলে এ দুর্ঘটনা ঘটে।
খালিয়াজুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন আজ দুজনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।










