চাঁদপুরে মৎস্য সম্পদ সংরক্ষণ, অবৈধ মাছ আহরণ প্রতিরোধ এবং জেলেদের মধ্যে সচেতনতা বাড়াতে জনসচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করেছে কোস্ট গার্ড। আজ রোববার বিকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, উপকূলীয় ও নদীতীরবর্তী এলাকায় জননিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা রক্ষা এবং জেলে ও স্থানীয় জনগণের কল্যাণে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে কোস্ট গার্ড।

এরই ধারাবাহিকতায় আজ সকালে কোস্ট গার্ড স্টেশন চাঁদপুরের উদ্যোগে মেঘনা ও ডাকাতিয়া নদীসংলগ্ন এলাকায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় দেশের মৎস্য সম্পদ সংরক্ষণের গুরুত্ব, নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধ, প্রজনন মৌসুমে মাছ আহরণ থেকে বিরত থাকা, নদী ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণ ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা করা হয়। এ সময় স্থানীয় জেলেদের মতামত ও সমস্যার কথাও শোনা হয়। পাশাপাশি মৎস্য সম্পদ সংরক্ষণে কোস্ট গার্ড ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেয়া হয়।

আলোচনা সভায় কোস্ট গার্ডের কর্মকর্তাদের পাশাপাশি জেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা, মৎস্য অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা, স্থানীয় মৎস্যজীবী সমিতির প্রতিনিধি এবং জেলে সম্প্রদায়ের সদস্যরা অংশ নেন।

কোস্ট গার্ড জানায়, দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ, অবৈধ মাছ আহরণ প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।