কক্সবাজার মহেশখালী নৌপথে প্রথমবারের মতো সি-ট্রাক চলাচল শুরু হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে পরীক্ষামূলকভাবে সি-ট্রাক চালু করা হয়। দ্বীপ উপজেলা মহেশখালীতে যাতায়াতে ১০ কিলোমিটার সমুদ্রপথে ফেরি চলাচলের দাবি ছিল দীর্ঘকালের। গত ৫ আগস্টের পর ছাত্র-জনতার দাবির পরিপ্রেক্ষিতে সি-ট্রাক চালু করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

মহেশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন বলেন, ‘প্রথমবারের মতো যাত্রী নিয়ে সি-ট্রাক ভিড়েছে মহেশখালী জেটিঘাটে। স্থাপন করা হয়েছে পল্টুন।’

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পরিচালক (প্রশাসন) একেএম আরিফ উদ্দিন বলেন, ‘গতকাল থেকে কক্সবাজার-মহেশখালী নৌপথে পরীক্ষামূলকভাবে সি-ট্রাক চালু হয়েছে। পরে আনুষ্ঠানিকভাবে যাত্রা করবে।’