রাজশাহীতে ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল বিকালে পুঠিয়া উপজেলার বেলপুকুর রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। এছাড়া সড়ক দুর্ঘটনায় হবিগঞ্জ, পিরোজপুর ও ঝিনাইদহে আরো চারজনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—

রাজশাহী: মোটরসাইকেলে রাজশাহী থেকে নাটোরে ফিরছিলেন মিজানুর রহমান (৩৯) ও জহুরুল ইসলাম (৩৫)। বেলপুকুর রেলক্রসিংয়ে পঞ্চগড় থেকে ছেড়ে আসা বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেন আসার সময় গেট নামিয়ে রাখেন গেটম্যান। তবে গেট নামানো অবস্থায় তারা দুজন মোটরসাইকেল নিয়ে দ্রুত পার হতে গেলে ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তাদের দুজনের মৃত্যু হয়। নিহত মিজানুর রহমান নাটোরের চাঁদপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে ও জহুরুল ইসলাম একই এলাকার সোলাইমানের ছেলে।

ঈশ্বরদী রেলওয়ে থানার ওসি জিয়াউর রহমান জানান, ইফতারের আগ মুহূর্তে বেলপুকুর রেলগেট এলাকায় পঞ্চগড় থেকে রাজশাহীগামী বাংলাবান্ধা ট্রেনের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে মিজানুর ও জহুরুল মারা যান। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা করা হবে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

হবিগঞ্জ: জেলার বাহুবলে ট্রাকের ধাক্কায় টমটমের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুজন আহত হয়েছেন। গতকাল সকাল ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে আদিত্যপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন জামালপুরের বকশীগঞ্জ উপজেলার আলীরপাড়া গ্রামের আহম্মেদ আলীর ছেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহিদ (৭৫) ও সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা গ্রামের বাদশা মিয়ার ছেলে মো. মারুফ (৩৮)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার সাতকাপন ইউনিয়নের চলিতাতলা জামে মসজিদে তাবলিগ জামাতে আসেন একটি কাফেলা। কাফেলার সদস্য ছিলেন আব্দুল ওয়াহিদ ও মো. মারুফ। সকালে তারা টমটমে চলিতাতলা জামে মসজিদ পরিবর্তন করে বাহুবল উপজেলার আদিত্যপুর মসজিদে যাওয়ার জন্য রওনা দেন। সকাল ৯টায় আদিত্যপুর ঈদগাহসংলগ্ন এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় একটি ট্রাক টমটমকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তারা দুজন মারা যান।

পিরোজপুর: ব্যাটারিচালিত ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে মাহাতাব হাওলাদার (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ১০টার দিকে সদর উপজেলার পাঁচপাড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পিরোজপুর সদর থানার ওসি আব্দুস সোবহান বিষয়টি নিশ্চিত করেন।

নিহত মাহাতাব হাওলাদার সদর উপজেলার সিকদার মল্লিক ইউনিয়নের জুজখোলা গ্রামের আব্দুল বারেক হাওলাদারের ছেলে। তিনি উপজেলার আদাজুরি বাজার মসজিদের ইমাম ছিলেন।

ঝিনাইদহ: জেলার কালীগঞ্জে বাসচাপায় খোকন তরফদার (৫৬) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল সকালে উপজেলার তালেশ্বর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত খোকন তরফদার উপজেলার শাহাপুর ঘিঘাটি গ্রামের বাহার আলী তরফদারের ছেলে।

পুলিশ জানায়, খোকন তরফদার সকালে বাইসাইকেলে বাড়ি থেকে তালেশ্বর বাজারের দিকে যাচ্ছিলেন। পথে কোটচাঁদপুর থেকে ছেড়ে আসা মামুন পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান। কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার বিষয়টি নিশ্চিত করেন।