দেশের ছয় জেলায় সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। গতকাল ও আগের দিন কুষ্টিয়া, বরিশাল, রাজধানীর বঙ্গবাজার, রংপুর, দিনাজপুর ও শেরপুরে এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—
কুষ্টিয়া: জেলার মিরপুরে গরুবোঝাই ট্রাক, মোটরসাইকেল ও ভ্যানের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। শুক্রবার রাতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। নিহতরা হলেন গরু ব্যবসায়ী আরমান আলী (৫৫) ও মোটরসাইকেল আরোহী সজীব আহম্মেদ (২৫)। মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, শুক্রবার বিকালে মেহেরপুর থেকে কুষ্টিয়াগামী গরুবোঝাই একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত ভ্যানের সংঘর্ষ হয়। এতে ট্রাকচালকসহ চারজন আহত হন। তাদের উদ্ধার করে প্রথমে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সেখানে তিনজনের অবস্থার অবনতি হলে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। আহতদের মধ্যে রাত ৯টার দিকে গরু ব্যবসায়ী আরমান আলী মারা যান। রাত সাড়ে ১২টার দিকে মোটরসাইকেলচালক সজীব আহম্মেদের মৃত্যু হয়।
বরিশাল: বাকেরগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিনজন। গতকাল ভোরে উপজেলার রুহিতারপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলামের বাড়ি গাজীপুরে। তিনি তরমুজ কিনে ঢাকায় ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হন।
ঢাকা: রাজধানীর বঙ্গবাজারসংলগ্ন সরকারি কর্মচারী হাসপাতালের সামনে মোটরসাইকেলের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তার নামপরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৪৫ বছর। গতকাল বেলা পৌনে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শাহবাগ থানার এসআই মাহমুদ হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
রংপুর: মিঠাপুকুরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে এক ইউপি সদস্য নিহত হয়েছেন। গতকাল দুপুরে লালবাগ-ভেন্ডাবাড়ি সড়কের শুকুরেরহাট কাশিমবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু তালেব (৫৫) উপজেলার গোপালপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার ছিলেন।
দিনাজপুর: কাহারোলে ডাম্প ট্রাকের ধাক্কায় মো. হামজা (১৯) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল বেলা আড়াইটার দিকে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের দশমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধ জনতা ডাম্প ট্রাকে আগুন ধরিয়ে দেয়। নিহত হামজা উপজেলার সুন্দরপুর ইউনিয়নের দ্বীপনগর গ্রামের মো. সুমন আলীর ছেলে।
শেরপুর: ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো পাঁচজন। তাদের শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শেরপুর সদর উপজেলার বাজিতখিলা বটতলী এলাকায় শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুসলিম মিয়া (৩০) ঝিনাইগাতী উপজেলার তেঁতুলতলা গ্রামের সহিজ উদ্দিনের ছেলে।










