বাগেরহাটে খানজাহান (রঃ) মাজার দীঘি থেকে অজ্ঞাত এক বৃদ্ধ (৮০) দর্শনার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে দীঘির পূর্ব পাশের ঘাট এলাকা থেকে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করে পুলিশ।

প্রাথমিকভাবে জানা গেছে তার বাড়ি মোরেলগঞ্জ উপজেলায়। তবে বিস্তারিত কিছুই জানতে পারেনি পুলিশ।

বাগেরহাট মডেল থানার ওসি তদন্ত ফকির পান্নু মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে ফজরের নামাজ পড়ার জন্য ওজু করতে সে ওই ঘাটে নেমেছিল। পড়ে গিয়ে সে মারা গেছে । তবে তদন্তের পরে এবিষয় বিস্তারিত জানানো যাবে।

তিনি আরো জানান, সোমবার রাতে টুরিষ্ট পুলিশের এক সদস্য ওই বৃদ্ধকে জিজ্ঞাস করেছিল কোথায় বাড়ি, তখন বৃদ্ধ বলেছিল মোরেলগঞ্জ, ছেলে সাথে রাগ করে আসছি। আমরা মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সারা দেশের সকল থানায় তথ্য পাঠিয়ে দিয়েছি। যদি তার পরিচয় না পাওয়া যায় তাহলে আঞ্জুমান মুফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা হবে।