হজ পালন শেষে আরো ১ হাজার ৯৯০ জন হাজি দেশে ফিরেছেন। এ নিয়ে গতকাল শুক্রবার পর্যন্ত সৌদি আরব থেকে দেশে ফেরা হাজির সংখ্যা হলো ২০ হাজার ৭৭৪ জন। আজ শনিবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্ক হজের বুলেটিনে এ তথ্য জানিয়েছে।
এবারের হজ্ ১৬৫টি ফ্লাইটে বাংলাদেশ থেকে সৌদি আরবে যান ৬০ হাজার ১৪৬ জন হজযাত্রী (ব্যবস্থাপনা সদস্যসহ)।
গত ১৪ জুলাই হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হয়েছে। এ পর্যন্ত মোট ৫৬টি ফ্লাইটে হাজিরা দেশে ফিরেছেন। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ২৪টি, সৌদিয়া এয়ারলাইন্স পরিচালিত ২৭টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ৫টি ফ্লাইট রয়েছে। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শেষ হবে আগামী ৪ আগস্ট।
সৌদি আরবে মোট ২৩ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। মারা যাওয়া হাজিদের মধ্যে পুরুষ ১৬ ও নারী সাতজন। মক্কায় ১৯, মদিনায় তিন ও জেদ্দায় একজন মারা যান।











