বরিশালের মুলাদী ও বাকেরগঞ্জে আলাদা সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে ও দুপুরে এসব দুর্ঘটনা ঘটে।

 

দুপুর সাড়ে ১২টার দিকে মুলাদীর মীরগঞ্জ সড়কের কা‌জিরহাট ঈদগাহ সংলগ্ন এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক প্রবাসী বাংলাদেশীসহ তিনজন নিহত হন। এরা হলেন,বড়ইয়া কা‌জিরচর এলাকার খালেক হাওলাদারের ছেলে ইদ্রিস হাওলাদার (৬০), একই এলাকার কালাই নলীর ছেলে হারুন নলী (৪৫) ও মোনাসেফ আলীর ছেলে ওমান প্রবাসী রাজীব নলী (২৩)।

 

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ (ওসি)এস এম মাকসুদুর রহমান বলেন, মীরগঞ্জ থেকে মোটরসেইকেল যোগে বড়ইয়া কা‌জিরচর যা‌চ্ছিলেন তিনজন। কাজীরহাট এলাকায় পৌঁছলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। পরে পুলিশ মৃতদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

 

এর আগে সকালে বাকেরগঞ্জের ভরপাশা ইউনিয়নের কুয়াকাটা-বরিশাল মহাসড়কে বাস দুর্ঘটনায় এক যাত্রীর মৃত্যু হয়েছে। বাকেরগঞ্জ থানার উপপরিদর্শক আমিনুল জানান, বরিশালগামী ধানসিঁড়ি পরিবহনের একটি বাস ভরপাশা ইউনিয়নে পৌঁছলে এর চালক নিয়ন্ত্রণ হারান। এসময় বাসটি একটি গাছকে ধাক্কা দিলে সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে এক যাত্রীর মৃত্যু হয়। আহত হন অন্তত ১৫ যাত্রী। আহতদেরে মধ্যে গুরুতর অবস্থায় সাতজনকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বর্তি করা হয়েছে।