অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা
লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব) আজ বুধবার (২১ আগস্ট) বৈষম্যবিরোধী
ছাত্র আন্দোলনে আহত চিকিৎসাধীন বিজিবি সদস্য ও ছাত্র-জনতাকে দেখতে বর্ডার গার্ড হাসপাতাল
পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে উপদেষ্টা আহত বিজিবি সদস্য
ও ছাত্র-জনতার সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন। তিনি এ সময় আহতদের উন্নত
চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্য বিজিবি মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান
করেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে
উপদেষ্টা বলেন, বিজিবি হাসপাতালের চিকিৎসার পরিবেশ অত্যন্ত সুন্দর। নামিদামি চিকিৎসকরা
এখানে চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন।
দর্শনার্থীদের মাধ্যমে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা
থাকে উল্লেখ করে সংক্রমণ এড়াতে সাংবাদিকসহ দর্শনার্থীদের হাসপাতালে কম আসার পরামর্শ
দেন তিনি।
উল্লেখ্য, সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র
আন্দোলনে সারাদেশে ৩ জন বিজিবি সদস্য নিহত এবং ১৩০ জন বিজিবি সদস্য আহত হন। এদের মধ্যে
গুরুতর আহত ১৫ জনকে ঢাকা বর্ডার গার্ড হাসপাতালে চিকিৎসাসেবা দেয়া হয়েছে এবং বর্তমানে
৪ জন বিজিবি সদস্য চিকিৎসাধীন রয়েছে। এছাড়াও আন্দোলনে আহত বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ
পাবলিক কলেজ ও বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের শিক্ষার্থীসহ অন্যান্য স্থান
থেকে আগত ১৯ জন শিক্ষার্থী ও বিভিন্ন পেশার মানুষ বর্ডার গার্ড হাসপাতালে চিকিৎসাধীন
রয়েছেন। এর আগে ৩ জন শিক্ষার্থীকে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।









