শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আবাসিক ছাত্রীদের রাত ১০টার মধ্যে নিজেদের হলে ফেরার নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোববার বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রভোস্ট (ভারপ্রাপ্ত) জোবেদা কনক খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বেগম সিরাজুন্নেসা চৌধুরী হল, বাইরের ফজল কমপ্লেক্স ও সামাদ হাউজে অবস্থানরত সব ছাত্রীকে নিরাপত্তার স্বার্থে আগের নিয়ম মেনে রাত ১০টার মধ্যে হলে প্রবেশ করতে হবে। এছাড়া এ সময়ের পর হলে প্রবেশ করতে হলে নিজ নিজ হল, বাইরের হলগুলোর দায়িত্বে থাকা সহকারী প্রভোস্ট অথবা সুপারদের সঙ্গে মোবাইলে যোগাযোগ করে খাতায় নাম, বিভাগ, রুম নম্বর ও মোবাইল নম্বর সঠিকভাবে লিখতে হবে। রোববার রাত থেকেই এই সিদ্ধান্ত কঠোরভাবে মেনে চলতে হবে।
উল্লেখ্য, গত ২৫ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ক্যাম্পাসের অভ্যন্তরে মেয়েদের আবাসিক হলের পাশে গাজিকালুর টিলায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে বুলবুল আহমেদ নামে এক ছাত্র গুরুতর আহত হন। আহতাবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ছুরিকাঘাতে আহত হওয়ার সময় বুলবুলের সঙ্গে তার এক নারী সহপাঠীও উপস্থিত ছিলেন। পরে জানা যায়, ছিনতাইকারীদের হাতে প্রাণ হারিয়েছেন বুলবুল।










