বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নিজেদের নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাজ্য সরকার। গতকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) প্রকাশিত সতর্কবার্তায় সম্ভাব্য রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তাজনিত ঝুঁকির কথা উল্লেখ করা হয়েছে।
যুক্তরাজ্যের ফরেন অফিস জানিয়েছে, বাংলাদেশে আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ উপলক্ষ্যে ২২ জানুয়ারি থেকে দেশজুড়ে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। এ সময়ে রাজনৈতিক সমাবেশ ও র্যালির সংখ্যা বৃদ্ধি পেতে পারে, যা বড় ধরনের জনসমাগম, নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত উপস্থিতি এবং যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করতে পারে।
সতর্কবার্তায় ব্রিটিশ নাগরিকদের এ সময় অত্যন্ত সতর্কতার সঙ্গে চলাফেরা করার পরামর্শ দেয়া হয়েছে। পাশাপাশি সম্ভাব্য বিঘ্ন এড়াতে বিকল্প পরিকল্পনা রাখার কথাও বলা হয়েছে।
নির্বাচনসংক্রান্ত সতর্কতার পাশাপাশি পার্বত্য চট্টগ্রামের নিরাপত্তা পরিস্থিতি নিয়েও বিশেষ নির্দেশনা দিয়েছে যুক্তরাজ্য সরকার। নিয়মিত সহিংসতা ও অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতিবেদনের কারণে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় জরুরি প্রয়োজন ছাড়া ভ্রমণ না করার পরামর্শ দেয়া হয়েছে। বিশেষ করে দুর্গম এলাকাগুলোতে ঝুঁকি তুলনামূলকভাবে বেশি বলে উল্লেখ করা হয়েছে।
সতর্কবার্তায় আরো বলা হয়, সরকারের পরামর্শ অমান্য করে ঝুঁকিপূর্ণ এলাকায় ভ্রমণ করলে ভ্রমণ বিমা বাতিল হতে পারে। একই সঙ্গে ভ্রমণ নিষিদ্ধ বা ঝুঁকিপূর্ণ এলাকায় অবস্থানরত ব্রিটিশ নাগরিকদের জরুরি সহায়তা দেয়ার সক্ষমতাও সীমিত থাকবে বলে জানিয়েছে যুক্তরাজ্য সরকার।










