কোটা সংস্কার ও শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীর মেরুল বাড্ডায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের সামনে সড়কের দুই পাশেই অবরোধ শুরু করেন তারা। এতে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আন্দোলনরত ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের শিক্ষার্থী সাবিত খান বলেন, ‘ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্র-ছাত্রী যদি আজকে বা আগামীতে সাধারণ ছাত্রছাত্রী তথা আমাদের ভাই বোনদের উপর আক্রমণের সঙ্গে সম্পৃক্ত থাকার কোনো প্রমাণ পাওয়া যায়, কিংবা আমাদের কোন তথ্য পাচার করে এমন ব্যক্তি পাওয়া যায় , তাহলে তাকে আমরা আমাদের ব্র্যাক থেকে সামগ্রিক ভাবে বর্জন করব এবং আমাদের সঙ্গে কোনো ক্লাস বা পরীক্ষায় সে অংশগ্রহণ করতে পারবেনা ।’
শিক্ষার্থী ইব্রাহীম শিশির বলেন, কোটার কারণে শুধু পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্টরাই ক্ষতিগ্রস্ত হবে না। প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টদের ওপরও প্রভাব পড়বে। ন্যাশনাল ক্রাইসিসে যখন সকল বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা এগিয়ে আসছে, আমরা কেনো পিছিয়ে থাকব?
পুলিশ জানায়, শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে মেরুল বাড্ডা এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সড়ক স্বাভাবিক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে পুলিশ।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসীন গাজী জানান, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শিক্ষার্থীদের অনুরোধ করা হচ্ছে তারা যেন সড়ক অবরোধ ছেড়ে দেন।










