মৌলভীবাজারের কমলগঞ্জের মাগুরছড়া এলাকায় সিলেট থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে প্রায় ৫ ঘণ্টা ধরে সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ভানুগাছ- শ্রীমঙ্গল রেল স্টেশনের মাঝামাঝি মাগুরছড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। সন্ধ্যা ৬টা ২২ মিনিটে এ রিপোর্ট লেখা পর্যন্ত ট্রেন যোগাযোগ বন্ধ ছিল। ভানুগাছ রেলস্টেশন মাস্টার কবির আহমেদ এ তথ্য নিশ্চিত করে বলেন, মেরামত কাজ শেষ পর্যায়ে। আশা করি দ্রুত চালু করা হবে।

জানা যায়, সিলেট থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা পাহাড়িকা এক্সপ্রেস দুপুর সাড়ে ১২টার দিকে কমলগঞ্জের মাগুরছড়া এলাকায় আসার পর ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে বিকল্প ইঞ্জিন হিসেবে জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিন পাঠানো হয়। তবে পাহাড়িকা এক্সপ্রেসে জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিন লাগানো হলে আবার হুক ছিঁড়ে যায়। এতে করে দীর্ঘ ৫ ঘণ্টা ধরে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। বিশেষ করে সিলেট-চট্টগ্রাম ও সিলেট- ঢাকাগামী যাত্রীরা দুর্ভোগে পড়তে হয়েছে।

পাহাড়িকা এক্সপ্রেসের যাত্রীরা বলেন, দীর্ঘদিন ধরে লাউয়াছড়া এলাকায় পাহাড় উঠতে পারে না দুর্বল ইঞ্জিন নিয়ে। এ নিয়ে কারো মাথাব্যথা নেই। দীর্ঘ সময় পাহাড়ে আটকা থাকায় আজ অনেক যাত্রী অসুস্থ হয়ে গেছেন।

ভানুগাছ রেলস্টেশন মাস্টার কবির আহমেদ বলেন, সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ রয়েছে। পাহাড়িকা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হওয়ার পর বিকল্প ইঞ্জিন পাঠানো হয়েছে। তবে আবার হুক ছিঁড়ে গেছে। এখন মেরামত কাজ প্রায় শেষ পর্যায়ে। আশা করি দ্রুত চালু করা হবে।