দিনাজপুরের ঘোড়াঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম ও তার পিতার উপর হামলার ঘটনা তদন্ত কার্যক্রম চলছে। ‘তদন্ত শেষ না হওয়া পর্যন্ত চূড়ান্ত কোন কিছু বলা যাচ্ছে না’ উল্লেখ করে রংপুর বিভাগীয় কমিশনার আব্দুল ওয়াহাব ভুঞা বলেছেন, তবে আপাতত মনে হচ্ছে যে তাকে হয়তো একেবারে মেরে ফেলার জন্যই হামলা করা হয়েছিল। এরকম ধারণা করছেন সবাই এবং আমারও মনে হয় যে এরকম কিছু একটা হতে পারে, সম্ভাবনাও ছিল। যাক আল্লাহর রহমতে সে বেঁচে গেছে।

আজ বুধবার দুপুর সাড়ে ১২টায় হিলি স্থলবন্দর পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। এসময় তার সাথে দিনাজপুর জেলা প্রশাসক মাহমুদুল আলম উপস্থিত ছিলেন। তাদের বন্দর, কাস্টমস ও ব্যবসায়ীদের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।  

এসময় বিভাগীয় কমিশনার আরো বলেন, বর্তমানে তদন্ত কাজ চলছে, তদন্তের মাধ্যমেই জানা যাবে কার উদ্দেশ্যে, কিসের জন্য দুর্বত্তরা এই কাণ্ড ঘটিয়েছে। এটা চূড়ান্তভাবে বলা যাবে তখনই যখন তদন্ত শেষ হয়। তদন্ত কাজ চলছে; আমরা আশাবাদী সত্যিটা বেরিয়ে আসবে ও দুর্বত্তদের আইনের আওতায় আনা সম্ভব হবে এবং আমরা তাদের সর্বোচ্চ সাজা নিশ্চিত করা সম্ভব হবে। 

এর আগে তিনি হিলি স্থলবন্দর দিয়ে দুদেশের মাঝে আমদানি রফতানি কার্যক্রম আরো গতিশীল করতে বন্দর দিয়ে আমদানি রফতানিতে সুবিধা অসুবিধা নিয়ে বন্দরের সভাকক্ষে বন্দর, কাস্টমস, ব্যবসায়ী, শ্রমিক ও প্রশাসনের সাথে একটি বৈঠক করেন। বৈঠকে তিনি বন্দরের জায়গাসহ সড়কের বিষয়গুলো নিয়ে সমস্যার সমাধানের আশ্বাস দেন। পরে বৈঠক শেষে তিনি বন্দরের ভেতরের বিভিন্ন অবকাঠামো ও আমদানি রফতানি কার্যক্রম পরিদর্শন করেন। 

এসময় সেখানে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক মাহমুদুল আলম, হিলি স্থলশুল্কস্টেশনের ডেপুটি কমিশনার সাইদুল আলম, উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ, পৌর মেয়র জামিল হোসেন, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা, বন্দরের পরিচালক প্রিন্স চৌধুরী, ম্যানেজার এসএম হায়দার, জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন, বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্টস আ্যসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আজিজ সরদারসহ অনেকে।

এর পরে তিনি হিলির দক্ষিনবাসুদেবপুরে চলমান মডেল মসজিদ নির্মাণ কাজ পরিদর্শন করেন। পরে তিনি উপজেলা পরিষদের সভাকক্ষে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ও করোনায় ক্ষতিগ্রস্থ ক্ষদ্র নৃতাত্বিক জনগোষ্ঠির মাঝে খাদ্য সহায়তা প্রদান ও ভাতার কার্ড প্রদান করেন। এর পরে তিনি উপজেলা পরিষদ চত্বরের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।