বাংলাদেশ রেলপথে চলাচলের জন্য ভারত থেকে ২০০টি ব্রড গেজ (বিজি) যাত্রীবাহী কোচ সংগ্রহ প্রকল্পের প্রথম চালানের ১৮টি কোচ চুয়াডাঙ্গার দর্শনায় পৌঁছেছে। গতকাল দুপুরে ভারতের গেদে ও দর্শনা সীমান্ত দিয়ে বাংলাদেশে কোচগুলো পৌঁছায়।

ভারতের রাইটস লিমিটেডের সরবরাহ করা এ কোচগুলো কাস্টমসের কার্যক্রম শেষ করে আগামীকাল দর্শনা শুল্ক রেলওয়ে স্টেশন থেকে খালাস হতে পারে। খালাস কার্যক্রম শেষে কোচগুলো সৈয়দপুর রেলওয়ে কারখানায় পাঠানো হবে। সেখানে এগুলোর ডি-প্রসেসিং, কমিশনিং ও ট্রায়াল রান শেষ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। দর্শনা রেলওয়ে সূত্রে জানা গেছে, বাংলাদেশ রেলওয়ের জন্য মোট ২০০টি ব্রড গেজ যাত্রীবাহী কোচ আসার কথা। বাকি কোচগুলোও পর্যায়ক্রমে বাংলাদেশে আসবে।

এর আগে গত সোমবার রাত সোয়া ১২টার দিকে ভারতের পাঞ্জাবের কাপুরথালায় অবস্থিত রেলকোচ ফ্যাক্টরি (হুসাইনপুর) থেকে রেলওয়ের রেকটি দর্শনা সীমান্তের উদ্দেশে যাত্রা শুরু করে।