ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মোহাম্মদ আলী এলাকায় মরদেহবাহী একটি অ্যাম্বুলেন্সের চাপায় হৃদয় (২৮) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হৃদয় লক্ষ্মীপুর জেলার বিবিরহাট এলাকার মোসলেহ উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ফেনীর মোহাম্মদ আলী এলাকায় মহাসড়ক সংলগ্ন এসএনবি নাইস ফুডে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

মহিপাল হাইওয়ে থানার ওসি হারুনুর রশিদ জানান, হৃদয় মহাসড়কের ঢাকামুখী লেনের পাশ দিয়ে হাঁটছিলেন। এ সময় মরদেহ বহনকারী একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দিয়ে রাস্তার নিচে পড়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হৃদয়ের মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। দুর্ঘটনাকবলিত গাড়িটিও পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

ওসি আরো বলেন, এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিহতের শ্যালক রনি জানান, হৃদয় প্রতিদিনের মতো কর্মস্থলে যাচ্ছিলেন। পথেই গাড়িচাপায় তার মৃত্যু হয়েছে। তিনি জানান, পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।