বগুড়ায় স্ত্রীকে হত্যার দায়ে করা মামলায় স্বামী বুদু মণ্ডলকে (৪৩) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। আজ সোমবার দুপুর ১টার দিকে আসামির উপস্থিতে প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হাবিবা মণ্ডল এ রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বুদু মণ্ডল কাহালু উপজেলার উলখার এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার মৃত মেছের আলীর ছেলে।
আদালত সূত্রে জানা যায়, ২০০১ সালে ভ্যানচালক বুদু মন্ডলের সঙ্গে আফেলা খাতুনের বিয়ে হয়। অভাব-অনটনের কারণে পারিবারিক কলহের জেরে ২০০৬ সালের ৬ ফেব্রুয়ারি রাতে ঝগড়ার পর স্ত্রী আলেফা খাতুনকে গলাটিপে হত্যা করে বুদু মন্ডল। পরের দিন বুদু মন্ডলকে আসামি করে নিহতের ভাই আমির আলী কাহালু থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গ্রেফতারের পর বুদু মন্ডল ৯ ফেব্রুয়ারি হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। একই বছরের ১৬ মার্চ মামলার তদন্ত কর্মকর্তা কাহালু থানার এএসআই আনিসুর রহমান তার বিরুদ্ধে আদালতে চার্জশিট দেন। দীর্ঘ শুনানি শেষে দোষী সাব্যস্ত হওয়ায় সোমবার দুপুরে আদালত মামলার একমাত্র আসামি বুদু মন্ডলকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক বছরের কারাদণ্ড দেন আদালত।
আইনজীবী নাছিমুল করিম হলি বলেন, বিচার চলাকালে আমরা আদালতে সাক্ষী উপস্থাপন করেছিলাম। আদালত সবকিছু বিবেচনা করে মামলার একমাত্র আসামি বুদু মন্ডলকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। রায় ঘোষণার পর তাকে কারাগারে পাঠানো হয়েছে।










