সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এবং মুন্সীগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান সিনহার জানাজার নামাজ আগামীকাল রোববার দুপুর সোয়া ১২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। আজ শনিবার সংসদ সচিবালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা শুক্রবার দিবাগত রাত ২টার দিকে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। তিনি দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতাজনিত কারণে সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিলেন।
১৯৪৩ সালে ১৮ আগষ্ট মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার কলমা ইউনিয়নের ডহুরী গ্রামে জন্মগ্রহণ করেন মিজানুর রহমান সিনহা। ঔষধ শিল্পগোষ্ঠী একমি গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ছিলেন তিনি। এছাড়া মুন্সীগঞ্জ-২ (লৌহজং-সিরাজদিখান) আসন থেকে ১৯৯৬ ও ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হন।









