বাংলাদেশে গণমাধ্যম প্রতিষ্ঠানে সাম্প্রতিক হামলা প্রসঙ্গে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানিয়েছেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন করতে দেয়াটা গুরুত্বপূর্ণ এবং তাদের বিরুদ্ধে যারা সহিংসতা চালায়, তাদের জবাবদিহি করাটাও জরুরি।
নিউইয়র্কে বুধবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ডুজারিক এ মন্তব্য করেন। ওই সাংবাদিক বলেন, ‘বাংলাদেশে সোমবার ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের একাধিক সংবাদমাধ্যমের কার্যালয়ে হামলা হয়। এ ঘটনায় এখনো কেউ আইনের আওতায় না আসায় সংবাদকর্মীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ বিষয়ে জাতিসংঘ মহাসচিবের কোনো বক্তব্য বা মন্তব্য আছে কিনা।’
জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন, ‘বিশ্বের যেকোনো স্থানে সাংবাদিকদের নিরাপত্তা ও মঙ্গল যেকোনো দেশের জন্য, বিশেষ করে ক্রান্তিকাল অতিক্রম করা দেশগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন করতে দেয়াসহ যারা তাদের বিরুদ্ধে সহিংসতা করে, তাদের জবাবদিহি করাটাও গুরুত্বপূর্ণ।’
বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট সহিংসতা, প্রাণহানি, লুটপাট ইত্যাদির তদন্তে অংশগ্রহণ করবে জাতিসংঘের একটি কারিগরি দল। গতকাল তারা ঢাকায় পৌঁছেছে। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানিয়েছেন, কারিগরি দলটি ২৮ আগস্ট পর্যন্ত বাংলাদেশে থাকার কথা। তারা চাইলে এর চেয়ে বেশি সময়ও থাকতে পারেন।’
বুধবারের ব্রিফিংয়ে ডুজারিকের কাছে এ বিষয়েও জানতে চান সংবাদকর্মীরা। জবাবে তিনি বলেন, ‘আমি এ বিষয়ে আমাদের মানবাধিকারসংশ্লিষ্ট সহকর্মীদের সঙ্গে কথা বলার অনুরোধ করব। কারণ তারা এ বিষয়ে নেতৃত্ব দিচ্ছেন। কিন্তু এটা পরিষ্কার, সহিংস কর্মকাণ্ডে জড়িত সব অপরাধীকে জবাবদিহিতার আওতায় আনতে হবে।’










