শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, নতুন শিক্ষাক্রম সংস্কার বা বাতিল দাবিতে যারা তথাকথিত আন্দোলন করছেন, তাদের বেশির ভাগই কোচিং ব্যবসার সঙ্গে জড়িত। কেউ কেউ নোট-গাইড স্কুল পর্যায়ে নিয়ে কমিশনের মাধ্যমে বিক্রি করেন। দুঃখজনক হলেও সত্য এর সঙ্গে কিছু সংখ্যক শিক্ষকও জড়িত। তারা যে দাবিগুলো করছেন সেগুলো একেবারেই অযোক্তিক। গতকাল দুপুরে চাঁদপুর সার্কিট হাউজে নতুন শিক্ষাক্রম ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘তারা সংস্কার, বাতিল কিংবা অন্তত পক্ষে ৫০-৬০ নম্বরের পরীক্ষা চান। তার মানে আমরা যদি বলি ঠিক আছে ৫০-৬০ নম্বরের পরীক্ষা দেব, তাহলে তাদের আর বাতিল ও সংস্কারের দরকার নেই। ৫০-৬০ নম্বরের পরীক্ষা কেন? তাহলে বাচ্চাদের পরীক্ষার প্রস্তুতির নামে কোচিংয়ে যেতে হবে। কাজেই তাদের মূল উদ্দেশ্য হচ্ছে কোচিং ব্যবসাকে বাঁচিয়ে রাখা।’
দীপু মনি আরো বলেন, ‘আমাদের নতুন শিক্ষা ব্যবস্থা একেবারে রূপান্তর। একসময় আমরা সবাই একটা মুখস্থ বিদ্যা জগৎ পার হয়ে এসেছি। আমাদের সময়ে ১০, ১২ ও ১৫ বছরের বিরতিতে এক একটা নতুন প্রযুক্তি আসত। এখন ১০-১৫ মিনিটে নতুন নতুন প্রযুক্তি আসছে।’










