শিক্ষাবিদ, লেখক এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালকে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি হামলাকারী ফয়জুল হাসানকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মামলার অন্য আসামি ফয়জুলের বন্ধু মো. সোহাগ মিয়াকে চার বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। ফয়জুলের বাবা, মা, ভাই ও মামাকে খালাস দিয়েছেন আদালত।
গতকাল সিলেটের সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক নুরুল আমীন বিপ্লব এ রায় ঘোষণা করেন। আদালতের পর্যবেক্ষণে বলা হয়, স্বাধীন মতপ্রকাশ, পরমতসহিষ্ণুতা, গণতন্ত্র ও প্রগতিশীলতা সভ্যতার অগ্রগতির নির্ণায়ক। এগুলোর চর্চা নিশ্চিত করা না গেলে দেশ নিশ্চিতভাবেই পেছনের দিকে হাঁটবে।
সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিশেষ সরকারি কৌঁসুলি মমিনুর রহমান টিটু জানান, গত ১০ মার্চ মামলার সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। মোট ৫৬ সাক্ষীর মধ্যে ৩৫ জনের সাক্ষ্য নেয়া হয়। এরপর ২১ ও ২২ মার্চ যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। মামলার ছয় আসামির সবাই রায় ঘোষণাকালে আদালতে উপস্থিত ছিলেন।










